নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসানে চলা ডাকবিভাগকে লাভের মুখ দেখাতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছিল আগেই। ইন্ডিয়া পোস্ট আয়োজিত ‘বিজনেস মিট’-এ কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও দপ্তরের কর্তাদের জানিয়ে দিলেন, আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে সবধরনের ব্যবসার বহর বাড়াতে হবে। কাজের লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন তিনি। তিনি বলেন, গ্রাম ও শহরের মধ্যে সংযোগ তৈরিতে বড় ভূমিকা নিয়ে আসছে ডাকবিভাগ। তবে এই প্রতিষ্ঠানের কার্যকারিতা আরও বাড়াতে কর্পোরেট ধাঁচে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে দপ্তরের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে হবে। উদ্ভাবন বা নয়া প্রযুক্তি এবং পরিষেবায় আরও বেশি করে জোর দিতে হবে এবং কর্মীদের কাজ ও দক্ষতায় আরও বেশি উৎসাহ দিতে হবে। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দেন তিনি। ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির লক্ষ্যে এগতে নির্দেশ দেন। তাঁর কথায়, এই দপ্তর কখনই পরিষেবা প্রদানের মূল মন্ত্র থেকে সরে যাবে না। কিন্তু যাতে দীর্ঘসময় ধরে ডাকবিভাগ একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে থেকে যেতে পারে, তার জন্য সর্বস্তরে পদক্ষেপ করা হবে। এই বৈঠকে দেশের সব সার্কেলের কর্তারা উপস্থিত ছিলেন।



