লিসবন: ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ইতিমধ্যেই ৯৪৬টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। শনিবার সেই সংখ্যাটা বাড়ানোর সুযোগ ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে। তবে তা হেলায় হারালেন পর্তুগিজ মহাতারকা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেন সিআরসেভেন। ম্যাচের ৭৫ মিনিটে তাঁর শট রুখে দেন আইরিশ গোলরক্ষক কেলেহের। তার জেরে ম্যাচে পয়েন্ট খোয়ানোর আশঙ্কা দেখা দিয়েছিল পর্তুগিজ শিবিরে। তবে শেষ পর্যন্ত সংযোজিত সময়ে রুবেন নেভাসের লক্ষ্যভেদে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। সেই সঙ্গে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষস্থান ধরে রাখল রবার্তো মার্তিনেজ-ব্রিগেড। উল্লেখ্য, পেনাল্টি মিসের পাশাপাশি বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন সিআরসেভেন। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বেশ হতাশ দেখায় তাঁকে।



