সংবাদদাতা, কাকদ্বীপ: নিম্নচাপের জেরে তিন দিন ধরে চলছে টানা বৃষ্টি। সে কারণে বহু নদী বাঁধের মাটি আলগা হয়ে গিয়েছে। তার উপর কৌশিকী অমাবস্যায় নদীর জল বাড়ার সম্ভাবনা থাকায় রাতের ঘুম উড়েছে সুন্দরবনের উপকূলীয় এলাকার বাসিন্দাদের। বর্তমানে তাঁরা নদী বাঁধের কাছাকাছি গিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন। জানা গিয়েছে, পাথরপ্রতিমার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা ঘাটের উত্তরে মৃদঙ্গ ভাঙা নদী বাঁধ প্রায় ৭০ ফুট ধসে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রবল বৃষ্টি হলে ও অমাবস্যার কোটালের জেরে নদীর জল বাড়লে গ্রামে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, ‘যে নদী বাঁধগুলি বেহাল হয়ে পড়েছে সেগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেচদপ্তর ও গ্রাম পঞ্চায়েত বাঁধগুলির উপর নজর রেখেছে।’



