নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সারারণতন্ত্র দিবসে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না বীরভূম জেলা পুলিশ। উৎসবের আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য রবিবার গোটা জেলা কার্যত মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। জেলার সদর শহর সিউড়ি থেকে শুরু করে বোলপুর, রামপুরহাট, সর্বত্রই চলছে কড়া নজরদারি। বিশেষ করে ভিনরাজ্য বা ভিনজেলা থেকে আসা গাড়িগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি হোটেল, লজ এবং গেস্ট হাউসগুলিতেও পুলিশের নজরদারি জারি রয়েছে। বীরভূমের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা থাকায় ওই এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রামপুরহাট, মুরারই, রাজনগর, খয়রাশোল সহ বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় দিবারাত্র পুলিশি টহল চলছে। সন্দেহজনক কিছু নজরে এলেই চলছে জিজ্ঞাসাবাদ। দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে জেলায় ঢুকতে না পারে, সেবিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। ২৬ জানুয়ারি পর্যন্ত এই কড়াকড়ি বজায় থাকবে। রেল স্টেশন ও বাসস্ট্যান্ডগুলিতেও ভিড়ের মধ্যে মিশে থাকছে সাদা পোশাকের পুলিশ। রেলপথেও নিরাপত্তার ছবিটা একইরকম আঁটোসাঁটো। জেলার গুরুত্বপূর্ণ স্টেশন যেমন বোলপুর-শান্তিনিকেতন, রামপুরহাট ও সাঁইথিয়া জংশনে জিআরপি ও আরপিএফের যৌথ উদ্যোগে চলছে বিশেষ চিরুনি তল্লাশি। প্ল্যাটফর্মে ঢোকার মুখে ও বেরনোর পথে যাত্রীদের ব্যাগপত্র মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। সাধারণতন্ত্র দিবসের ছুটিতে তারাপীঠে প্রচুর পর্যটক আসছেন। সেকারণে রামপুরহাট সহ বিভিন্ন স্টেশনে কড়া নিরাপত্তা রয়েছে।



