Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তায় নেমে মহিলাদের কথা শুনছে পুলিশ, কন্ট্রোল রুমের নম্বর বিলি

আপনারা পুলিশের নতুন হেল্পলাইন নম্বর জানেন তো? আপনাদের কি রাস্তায় চলাফেরা করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে?

রাস্তায় নেমে মহিলাদের কথা শুনছে পুলিশ, কন্ট্রোল রুমের নম্বর বিলি
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আপনারা পুলিশের নতুন হেল্পলাইন নম্বর জানেন তো? আপনাদের কি রাস্তায় চলাফেরা করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে? আপনি শহরে চলাফেরা করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বোধ করছেন না তো? পুজোর মুখে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে এভাবেই পথেঘাটে মহিলাদের কাছ থেকে তাঁদের অভিজ্ঞতার কথা শুনছেন কোচবিহার জেলা পুলিশের কর্তারা। 

Advertisement

রাজ্যে ক্ষমতায় এসে মহিলা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। পূর্বতন সরকারের সময়ে যা সবথেকে অবহেলিত ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পুজোর কেনাকাটা করতে বাজারে মহিলাদের উপস্থিতি সবথেকে বেশি লক্ষ্য করা যায়। বাজার করার সময় কেউ তাদের উত্যক্ত করছে কি না অথবা তাদের প্রতি কোনো ধরনের অভব্য আচরণ করছে কি না, তা জানার চেষ্টা করেন পুলিশ কর্তারা। একই সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমের নতুন হেল্পলাইন নম্বর ১১২ সম্পর্কেও মহিলাদের অবহিত করেন তাঁরা।  
কোচবিহার জেলা পুলিশের মহিলা বাহিনী নিয়ে বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন প্রান্তে টহল দেন ডিএসপি (ট্রাফিক) বিক্রম প্রসাদ। ভবানীগঞ্জ বাজার, হরিশ পাল চৌপথি, মদনমোহন মন্দির সংলগ্ন রাস্তা সহ শহরজুড়ে পুলিশ কর্মীরা টহল দেন। পথ চলতি মহিলাদের মুখ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতার কথা শোনেন। অনেকেই ১১২ নম্বর সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। তাই পুলিশের পক্ষ থেকে অনেক মহিলার স্মার্টফোনে সংশ্লিষ্ট নম্বরটি সেভ করে দেওয়া হয়। 
জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, মহিলারা শহরে চলাফেরার ক্ষেত্রে কতটা সুরক্ষিত বোধ করছেন, তা জানাটা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। তাই শীর্ষ আধিকারিকদের নির্দেশে এই অভিযানে নামা হয়েছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ