বিশাখাপত্তনম, ২৩ জুন: বড়সড় বিপাকে পড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াই এস আর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। শুধুই তিনি নন, ওই মামলায় নাম রয়েছে দলের প্রাক্তন সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি, অন্ধ্রের প্রাক্তন মন্ত্রী বিদদলা রজনী, রামানা রেড্ডি এবং জগন্মোহনের আপ্ত সহায়ক নাগেশ্বর রেড্ডি ও প্রাক্তন বিধায়ক পার্নি নানি ভেঙ্কটেশ রাওয়েরও। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে একটি জনসভা ছিল জগন্মোহনের। সেই জনসভাতেই যোগ দিতে যাওয়ার পথে এক দলীয় কর্মীর উপর দিয়ে চলে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়। তারপরেই জখম অবস্থায় ওই দলীয় কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির স্ত্রী। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, গত ১৮ জুন গুন্টুরে সভা করতে যাচ্ছিলেন জগন্মোহন।



