নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কলকাতা পুলিশের ১০০ ডায়ালকে ঢেলে সাজানো হচ্ছে। এতকাল মূলত কনস্টেবল এবং এএসআই দিয়েই এই ১০০ ডায়াল পরিচালিত হত লালবাজারে। এই প্রথম মঙ্গলবার কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ৮ জন সার্জেন্টকে বদলি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শহরবাসীর কাছ থেকে অভিযোগ আসছিল, বিপদে পড়ে সাধারণ মানুষ ১০০ ডায়ালে সাহায্য চেয়ে ফোন করলে, তাঁদের লালবাজারের ল্যান্ডফোনের নম্বরে ফোন করতে নির্দেশ দেওয়া হচ্ছিল। ভাবখানা এমন, রাস্তায় বিপদে পড়া মানুষ যেন খাতাপেন হাতে নিয়েই বসে আছেন! কয়েকটি ক্ষেত্রে তো আবার ১০০ ডায়ালে ফোন করার প্রায় ৩০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফলে যে উদ্দেশ্য নিয়ে ১০০ ডায়াল গঠন করা হয়েছিল, তা কার্যত মাঠে মারা যাচ্ছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ১০০ ডায়ালে ফোন করে সাহায্য নেওয়া সাধারণ মানুষের কাছ থেকে এসএমএসে অভিজ্ঞতা জেনে নিত লালবাজার। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা এখন বন্ধ হয়ে গিয়েছে। মূলত, এই ধরনের পরিস্থিতি এড়াতে সম্প্রতি লালবাজারের ১০০ ডায়ালকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজারের কর্তারা। তাই আগামী দিনে এই ১০০ ডায়ালে দক্ষতা বাড়াতে ৮ জন পুলিশ অফিসার বসানো হচ্ছে। যদিও এনিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিশের মুখপাত্র তথা যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।