Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রবীণদের নিরাপত্তায় ‘দুয়ারে পুলিশ’

কলকাতা শহর লাগোয়া বারাসতের একাকী বৃদ্ধা-বৃদ্ধাদের নিরাপত্তায় বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছে পুলিশ। এর জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা।

প্রবীণদের নিরাপত্তায় ‘দুয়ারে পুলিশ’
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: কলকাতা শহর লাগোয়া বারাসতের একাকী বৃদ্ধা-বৃদ্ধাদের নিরাপত্তায় বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছে পুলিশ। এর জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। নয়া উদ্যোগ মধ্যমগ্রাম থানা থেকে শুরু হবে চলতি মাসেই। প্রবীণ মানুষদের ‘দুয়ারে’ যাবেন সংশ্লিষ্ট থানার অফিসাররা। খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিরাপত্তার দিকও খতিয়ে দেখবেন তাঁরা। মধ্যমগ্রাম থানা থেকেই এই ভাবনাকে ‘পাইলট’ হিসাবে গ্রহণ করছে জেলা পুলিশ।

Advertisement

সম্প্রতি, কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে নিঃসঙ্গ বৃদ্ধা বৃদ্ধাদের ওপরই আক্রমণ চালানোর সাহস পায় দুষ্কৃতীরা। নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত পুলিশ জেলায় বেশ কয়েকটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা চিন্তা বাড়িয়েছে পুলিশের। যেখানে দুষ্কৃতীদের টার্গেট বৃদ্ধ-বৃদ্ধা। যাঁরা প্রত্যেকে প্রতিষ্ঠিত, বিত্তবান। পরিবারের সদস্যরা বাইরে কর্মসূত্রে থাকেন। পরিজনদের ভুয়ো ‘দুঃসংবাদ’ দিয়ে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের ডিজিটাল অ্যারেস্ট করেছে সাইবার প্রতারকরা। গোবরডাঙা ও মধ্যমগ্রাম থানা এলাকায় এই ধরনের ঘটনা ঘটে। ব্যাংকের তৎপরতায় কিছুটা দেরিতে হলেও তা আটকানো গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীণ সদস্যরা যাঁরা একা থাকেন, তাঁদের সাহায্য করার জন্য হেলথ রেকর্ড ডেটা ব্যাংক চালু হবে। তাতে ওঁদের শারিরীক অবস্থা ও ডাক্তারি পরীক্ষার যাবতীয় নথি জমা থাকবে। যদি কোনও প্রবীণ অসুস্থ হয়ে পড়েন তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে হেলথ রেকর্ড ডেটা পাঠানো সম্ভব হবে দ্রুত চিকিৎসার স্বার্থে। প্রতিটি থানাতেই তৈরি করা হবে বিশেষ টিম। দিনে অন্তত একবার করে পুলিশের আরটি ভ্যান প্রবীণ নাগরিকদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি পড়শিদের নম্বরও নথিভুক্ত করে রাখবে পুলিশ। কারণ, জরুরি কাজে আটকে গেলে পড়শিদের কাছ থেকে খোঁজ করে বৃদ্ধ-বৃদ্ধার খোঁজ নেবে পুলিশ। পাশাপাশি চালু হবে হেল্পলাইন নম্বরও। 
অনেক সময় বয়স্ক মানুষজন একাকী থাকতে থাকতে মানসিকভাবে ভেঙে পড়েন। আর তা কাটতেও বিশেষ পরিকল্পনা আছে পুলিশের। এ নিয়ে বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া বলেন, বেশ কয়েকটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা আমাদের চিন্তা বাড়িয়েছে। কারণ, দুষ্কৃতীদের টার্গেট বয়স্ক মানুষজন। তাঁরা না বুঝেই কিংবা ভয়ে টাকা দিয়ে ফেলেন। পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলারদের নিয়ে মিটিং করেছে মধ্যমগ্রাম থানা। একাকী প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, আমরা টার্গেট নিয়েছি প্রথমে শহরকেন্দ্রিক থানা দিয়ে কর্মসূচি শুরু করার। তারপর গ্রামীণ থানা এলাকায় হবে। লক্ষ্য প্রবীণদের সুরক্ষা দেওয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ