Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে ঐতিহাসিক স্থানে ঘনিষ্ঠ হলে অভিভাবকদের ডাক পড়ছে পুলিসের

বিষ্ণুপুরের ঐতিহাসিক স্থানে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখলেই থানায় নিয়ে গিয়ে অভিভাবকদের ডাক পড়ছে। মুচলেকা নিয়ে তবেই ছাড়া হচ্ছে প্রেমিক-প্রেমিকাদের।

বিষ্ণুপুরে ঐতিহাসিক স্থানে ঘনিষ্ঠ হলে অভিভাবকদের ডাক পড়ছে পুলিসের
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের ঐতিহাসিক স্থানে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখলেই থানায় নিয়ে গিয়ে অভিভাবকদের ডাক পড়ছে। মুচলেকা নিয়ে তবেই ছাড়া হচ্ছে প্রেমিক-প্রেমিকাদের। নজরদারিতে ঘুরছে পুলিসের উইনার্স টিম। পুলিস সূত্রে জানা গিয়েছে, শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানে কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য যুবক-যুবতীদের ঘনিষ্ঠ অবস্থায় দেখার অভিযোগ এসেছে। কিন্তু, পুলিস দেখেই তারা সরে পড়েছে। তবে সম্প্রতি ঐতিহাসিক লালবাঁধ ও পোড়ামাটির হাটে অত্যাধুনিক পিটিজেড রোল ক্যামেরা বসানো হয়েছে। তাতে বন্দি হচ্ছে প্রেমিক-প্রেমিকাদের ঘনিষ্ঠ হওয়ার ছবি। সেই ছবি দেখিয়েই যুগলদের থানায় ধরে আনছে উইনার্স টিম। শুধু সতর্ক করাই নয়, বাড়িতে ফোন করে অভিভাবকদের ডেকে পাঠিয়ে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হচ্ছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, বিষ্ণুপুর একটি তীর্থক্ষেত্র। এখানে ঐতিহাসিক বহু মন্দির ছাড়াও একাধিক পর্যটনস্থল রয়েছে। বিশেষ করে ঐতিহাসিক লালবাঁধ ও পোড়ামাটির হাট রয়েছে। মূলত এই দুই জায়গা থেকেই কলেজের ছাত্রছাত্রী এবং অন্যান্য যুবকযুবতীদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। কিন্তু, খবর পেয়ে পুলিস পৌঁছলেও হাতে প্রমাণ না থাকায় এতদিন তাঁরা অস্বীকার করে পার পেয়ে যাচ্ছিলেন। সম্প্রতি দুই জায়গায় দু’টি অত্যাধুনিক পিটিজেড রোল সিসি ক্যামেরা বসানো হয়েছে। তাতে চারপাশের ছবি ধরা পড়ছে। শুধু তাই নয়, জুম করলে দূরের ছবিও স্পষ্ট দেখা যাচ্ছে। সেই প্রমাণ নিয়েই অভিযুক্ত যুগলদের কাছে পৌঁছে যাচ্ছে পুলিসের উইনার্স টিমের মহিলা সদস্যরা। পরে থানায় অভিভাবকদের ডেকে পাঠানো হচ্ছে। ভবিষ্যতে তাতে এধরনের কাজকর্ম থেকে বিরত থাকেন সেব্যাপারে মুচলেকা নেওয়া হচ্ছে। গত তিনদিনে অন্তত পাঁচ জোড়া ছাত্রছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের অভিভাবকদের ডাকা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরে বাইরে থেকে বহু পর্যটক আসেন। বিশেষ করে লালবাঁধ ও পোড়ামাটির হাট দেখতেও আসেন। কিন্তু, ওই দুই জায়গায় ছাত্রছাত্রীদের একাংশকে কলেজ ফাঁকি দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের কোনও কোনও সময় ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা যাচ্ছে। এনিয়ে পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা বেশ অস্বস্তিতে পড়ছেন। সংস্কৃতির শহর বিষ্ণুপুর সম্পর্কে তাঁরা নেতিবাচক ধারণা নিয়ে ফিরছেন। স্থানীয়দের কাছেও এনিয়ে পুলিসের কাছে অভিযোগ এসেছে। তবে প্রমাণের অভাবে এতদিন পুলিস বিশেষ পদক্ষেপ নিতে পারছিল না। পিটিজেড ক্যামেরা বসানোর পর থেকে ছবি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে ওইসব প্রেমিক প্রেমিকাদের কাছে উইনার্স টিমের সদস্যরা পৌঁছে যাচ্ছেন।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ