Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিহার ও ব্যান্ডেল গ্যাং নিয়ে সতর্ক পুলিস

আগস্টের শেষদিকে কৌশিকী অমাবস্যা। যা তারাপীঠের সবচেয়ে বড় উৎসব। এবার শুক্র ও শনিবার কৌশিকী অমাবস্যার তিথি ও তার পরদিন রবিবার।

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিহার ও ব্যান্ডেল গ্যাং নিয়ে সতর্ক পুলিস
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: আগস্টের শেষদিকে কৌশিকী অমাবস্যা। যা তারাপীঠের সবচেয়ে বড় উৎসব। এবার শুক্র ও শনিবার কৌশিকী অমাবস্যার তিথি ও তার পরদিন রবিবার। ফলে এবার ভক্তদের ভিড় কয়েকগুণ বাড়বে বলে পুলিস মনে করছে। তাই ভিড়ে ছিনতাইয়ের মতো অপরাধ রুখতে তারা বাড়তি সতর্ক। এসডিপিও গোবিন্দ সিকদার বলেন, কৌশিকী তিথিতে তারাপীঠকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে।

Advertisement

বিশেষত বিহার ও ব্যান্ডেল গ্যাংয়ের ছিনতাইবাজদের কার্যকলাপ রুখতে পুলিস বাড়তি সতর্কতা নিয়েছে। শনিবার রামপুরহাটে পুলিস আধিকারিকদের নিয়ে বৈঠক করেন এসডিপিও। সেখানে নিরাপত্তার পাশাপাশি কোথায় রাস্তা খারাপ, পথবাতি নেই-সেসব নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, গতবারের মতোই ৩০০ পুলিসকর্মী ও ১৭০০ সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে। সেইসঙ্গে ২০০ সিসি ক্যামেরা, ১০টি ওয়াচ টাওয়ার, ৩৭টি ড্রপ গেট ও ১০টির বেশি অ্যান্টি ক্রাইম টিম থাকবে। ভিড়ের মধ্যে মিশে থাকবে সাদা পোশাকের পুলিস। বিগত দিনে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে, এমন স্থানীয় দুষ্কৃতীদের নামের তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
এবার ২২ আগস্ট শুক্রবার বেলা ১১ টা ৫৪ মিনিটে কৌশিকী তিথি শুরু হবে। পরদিন বেলা ১১টা ২২মিনিট পর্যন্ত তিথি থাকবে। সেজন্য ২১ আগস্ট থেকেই দূরদূরান্তের সাধুসন্ত ও ভক্তরা তারাপীঠে আসতে শুরু করবেন।
পুলিস জানিয়েছে, দু’দিন তিথি থাকায় ও পরদিন রবিবার হওয়ায় এবার ভক্তসমাগম বাড়বে। পাঁচ-ছয় লক্ষ লোক হতে পারে। দু’বছর আগে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ব্যাণ্ডেল গ্যাংয়ের মহিলারা ডেরা বেঁধেছিল। তারা ভিড়ের মাঝে বহু পুণ্যার্থীর গলা থেকে হার ছিনতাই, পকেট থেকে মানিব্যাগ হাতিয়ে নিয়েছে। সেবার সাদা পোশাকের পুলিস হাতেনাতে ২৩জন মহিলাকে গ্রেপ্তার করেছিল। তারা প্রত্যেকেই ব্যান্ডেল গ্যাংয়ের সদস্যা। এরা মাথায় তিলক কেটে বিভিন্ন দলে ভাগ হয়ে মন্দিরের প্রধান দু’টি গেট, ভক্তদের লম্বা লাইনে, আটলা, মুণ্ডমালিনীতলা, শ্মশান চত্বরে ছড়িয়ে ‘অপারেশন’ চালায়। ব্যাণ্ডেল গ্যাং দেশজুড়ে কুম্ভমেলা, গঙ্গাসাগর মেলা, কৌশিকী মেলা, কলকাতায় দুর্গাপুজোর ভিড়ের সময়ও ছিনতাই করে বেড়ায়। এবার রথযাত্রার সময় আবার হানা দিয়েছিল বিহার গ্যাং। পুলিস এক নাবালক সহ ওই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছিল।
গতবার সজাগ থাকায় পুলিস সাফল্য পেয়েছে। ছিনতাই, চুরির চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারও ছিনতাইবাজদের ধরতে পুলিস আগেভাগে কোমর বেঁধেছে।
পুণ্যার্থীদের সাহায্যের জন্য ২১টি পুলিস সহায়তা বুথ করা হবে। দফায় দফায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হবে। বিশেষত মন্দিরে ঢোকা ও বেরনোর গেট, মুণ্ডমালিনীতলা ও বামদেব ঘাটে নজর থাকবে। ২১ আগস্ট বিকেলের পর থেকে যান নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ