•রবীন্দ্রনাথ ঠাকুর ও ব্রিটেনের দীর্ঘস্থায়ী সম্পর্ককে উদযাপন করল ‘ইকোজ অব হারমোনি’ শীর্ষক এক কাব্যগীতি আলেখ্য। ব্রিটিশ কাউন্সিল সভাকক্ষে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। ইন্দো ব্রিটিশ স্কলার্স অ্যাসোসিয়েশন ও কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী কোরক বসুর পরিকল্পনায় রচিত এই উপস্থাপনাটি ছিল এক গভীর নিমগ্ন অভিজ্ঞতা। সংগীত, কবিতা এবং নাট্যপাঠের মাধ্যমে রবীন্দ্রনাথের অসাধারণ যাত্রাপথ তুলে ধরা হয়। দু’টি অংশে পরিবেশিত আলেখ্যটিতে বিভিন্ন সময়ে কবির ইংল্যান্ড সফর, তাঁর বক্তৃতা, প্রকাশনা ও শিল্প সাংস্কৃতিক আদানপ্রদানের প্রসঙ্গ উঠে আসে। আলেখ্যটিতে ‘আমারে তুমি অশেষ করেছ’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘কতবার ভেবেছিনু’, ‘পুরানো সেই দিনের কথ’ গানগুলি এবং চিত্রা ও ডাকঘর নাট্যাংশের সঙ্গে কবিতা ও পাঠের অনবদ্য সহযোগিতা বিষয়টিকে প্রাণবন্ত করে তোলে। কণ্ঠে রূপদান করেন রীনা দোলন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ দত্ত ও ইপ্সিতা গাঙ্গুলি। যন্ত্রানুষঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অঞ্জন বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর (পূর্ব ও উত্তর পূর্ব ভারত) দেবাঞ্জন চক্রবর্তী জানান, এই অনুষ্ঠান কেবল রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ নয়, এটি কবির সংস্কৃতির সীমানা পেরিয়ে মানবিক যাত্রার এক অনুসন্ধান।



