নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ার কালীপুজোর ভাসানের প্রথম পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল থেকেই বিরাট পুলিস বাহিনী পাণ্ডুয়ায় মোতায়েন করা হয়েছিল। বিকেল পর্যন্ত বহু পুজো কমিটি প্রতিমা নিরঞ্জনও করেছে। রাতের শোভাযাত্রার জন্য বিকেলের পরে বাড়তি পুলিস বাহিনী নামানো হয়। শোভাযাত্রায় ২২টি পুজো কমিটি অংশ নিয়েছে। গভীর রাত পর্যন্ত ভাসানপর্ব শেষ হয়নি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডুয়ার দাঁইপুকুরে সমস্ত প্রতিমা বিসর্জন দেওয়া হবে। প্রত্যেকেই নিজস্ব মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে নির্দিষ্ট পথে দাঁইপুকুরে যাবে। গড়ে প্রায় তিন কিলোমিটার পথজুড়ে শোভাযাত্রা হবে। এদিন সন্ধ্যার পর থেকেই শোভাযাত্রা দেখার জন্য স্থানীয় মানুষ ভিড় জমাতে শুরু করেন। দাঁইপুকুরের আশেপাশেও ব্যাপক ভিড় ছিল। গ্রামীণ পুলিস জানিয়েছে, সুষ্ঠুভাবে নিরঞ্জন পর্ব শেষ করতে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।



