Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের দাবিতে অবরোধ মানবাজারে

পানীয় জলের দাবিতে অবরোধ মানবাজারে
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবজার: ট্যাপ থেকে পর্যাপ্ত পানীয় জল মেলে না। পর্যাপ্ত পানীয় জলের দাবিতে শুক্রবার মানবাজারের নামপাড়া এলাকার মহিলারা পথে নামেন। মানবাজার-দোলাডাঙা যাওয়ার রাস্তায় নামপাড়ার কাছে জলের পাত্র রেখে তাঁরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। তাদের আশ্বাসে মহিলারা অবরোধ তুলে নেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজারের নামপাড়ায় ২৫ থেকে ৩০টি পরিবারের বাস। সেখানে নলবাহিত জলের একটি মাত্র ট্যাপ রয়েছে। আগে ওই ট্যাপ থেকেই পর্যাপ্ত জল পাওয়া যেত। কিন্তু, এখন সুতোর মতো জল পড়ে বলে অভিযোগ। তার জেরে বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে। অবরোধকারী মহিলাদের দাবি, ওই ট্যাপের জলে এতগুলি পরিবারের পানীয় জলের চাহিদা মিটছে না। এক বালতি জল ভরতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। ফলে অনেক পরিবারই জলকষ্টে ভুগছে। অন্যপাড়া থেকে জল আনতে গেলে খারাপ ব্যবহার করা হয়। ট্যাপ থেকে যাতে পর্যাপ্ত পানীয় জল পাওয়া যায়, সেই ব্যবস্থা করুক প্রশাসন। নামপাড়ার কাকলি রজক সহ কয়েকজন মহিলা বলেন, আগে ট্যাপ থেকে পর্যাপ্ত জল পাওয়া যেত। কিন্তু, নতুন কল বসানোর পর থেকেই সরু সুতোর মতো জল পড়ে। সবাই জল পায় না। আমরা আগের মতো জল চাই। মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র বলেন, অবরোধের বিষয়টি জানা নেই। পানীয় জলের কোনও সমস্যা নিয়ে সেখানকার বাসিন্দারা কোনও অভিযোগও জানাননি। তবে বিষয়টি দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ