Bartaman Logo
৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক বাজারে দোলাচল, অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে আন্তর্জাতিক বাজারের প্রভাব ও অর্থনৈতিক বৃদ্ধির দিশা নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন।

আন্তর্জাতিক বাজারে দোলাচল, অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানির মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে ভারতের বাজারেও। একদিন আগেই আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা স্বীকার করেছেন, ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত আত্মবিশ্বাসী। এছাড়া দুর্বল বর্ষাও প্রভাব ফেলতে পারে আর্থিক বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির উপর। আর সেই আবহেই শনিবার দিল্লিতে অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়া সংকটের প্রভাব ও ভবিষ্যৎ দিশা নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্ষেত্রে চলতি দোলাচলের আবহে ব্যবসার পরিবেশ আরও সহজ করতে প্রয়োজনীয় সংস্কার, বাজারে গ্রাহকদের চাহিদাকে চাঙ্গা করা ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মোদ্দা লক্ষ্য, আন্তর্জাতিক প্রভাবকে প্রতিহত করে দেশের আর্থিক বৃদ্ধিকে আরও মজবুত করে তোলা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দুই প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র ও শক্তিকান্ত দাস।

Advertisement

ঘটনাচক্রে একদিন আগেই প্রকাশিত সরকারি তথ্যে দাবি করা হয়েছে, ২০২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে বাজারের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে ভারতীয় অর্থনীতি। তবে মূল্যবৃদ্ধির আশঙ্কা জিইয়ে থাকায় চলতি অর্থবর্ষের (২০২৬-২৭) জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আরবিআই। গত এপ্রিলে ৬.৯ শতাংশ থেকে নামিয়ে তা ৬.৬ শতাংশ হওয়ার আভাস দেওয়া হয়েছে। সেই সূত্রেই অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের বৈঠক তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছি। ভারতের অর্থনৈতিক রূপান্তর এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের অগ্রাধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও, সংস্কার যাত্রাকে আরও গতিশীল করা এবং জীবনযাত্রার ও ব্যবসার পরিবেশকে আরও সহজ করে তোলার বিষয়ে মতামত বিনিময় করেছি।’  

সম্পর্কিত সংবাদ