সংবাদদাতা, বসিরহাট: তৃণমূলের পঞ্চায়েত সদস্য আনসার আলি মণ্ডলকে গ্রেপ্তার করল মাটিয়া থানার পুলিস। সরকারি কাজে বাধা দেওয়া, পুলিসের গায়ে হাত তোলা, ধাক্কাধাক্কি এবং হামলা চালানোর অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের বিবাদের জেরে মাটিয়া থানার আকিপুর গ্রামে উত্তেজনা ছড়ায়। যার জেরে আহত এক মহিলা সহ তিনজনকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসিরহাট জেলা পুলিস সুপার হোসেন মেহেদি রহমান বলেন, পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগে পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার আনসারকে বসিরহাট আদালতে তোলা হয়। বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চায়েতের আকিপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম এবং সরিফুল ইসলাম। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত শরিকি বিবাদ চলছিল। অভিযোগ, এদিন বাজার থেকে ফেরার পথে পঞ্চায়েত সদস্য আনসার আলি মণ্ডল তাঁর অনুগামীদের নিয়ে আমিরুল ও তাঁর পরিবারের উপর হামলা চালায়। শুরু হয় ধাক্কাধাক্কি। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গেলে আনসার আলির লোকজন তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পঞ্চায়েত সদস্য। তাঁর অনুগামীরা পুলিসের উপর আক্রমণ করে। পরে মাটিয়া থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে। সরিফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত একটা ছোট বিষয়কে বড় করে দেখানো হচ্ছে।



