নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতে প্রকাশ্য রাস্তায় বসে একদল যুবক মদ খাচ্ছিল। তার প্রতিবাদ করেন মুচিপাড়া থানার এক পুলিস কনস্টেবল। সম্প্রতি তাঁকে নিগ্রহের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে বৃহস্পতিবার রাতে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ফলে ধৃতের সংখ্যা বেড়ে হল দুই। শুক্রবার ধৃত যুবককে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ৪ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে এদিন পুলিসের তরফে আদালতে জানানো হয়েছে। অভিযুক্ত যুবক জামিনের আর্জি জানালে বিচারক তা খারিজ করে দেন।



