নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগরে পুলিস হেফাজতে থাকা অভিযুক্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার ময়নাতদন্ত হল আর জি কর হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তবে, প্রাথমিক তদন্তে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে ক্যান্সার রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর থেকে বিধাননগর পূর্ব থানায় পুলিসি হেফাজতে ছিলেন ৫৭ বছরের এক ব্যক্তি। তফসিলি জাতির সার্টিফিকেট জালিয়াতি করার চক্রে যুক্ত থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। রাতে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া ছিল। বৃহস্পতিবার সকালে ফের ওপিডিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে সিসিইউতে ভর্তিও করা হয়। বিকেল সাড়ে ৪টে নাগাদ হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। কীভাবে মৃত্যু হল তা নিয়ে পরিবারের মধ্যেও উদ্বেগ ছড়ায়। মৃতের বাড়ি হরিণঘাটায়। ময়নাতদন্তের সময় তাঁরা আর জি কর হাসপাতালেও এসেছিলেন। কথা বলেছেন
Advertisement
চিকিৎসকের সঙ্গে। পরিবারের পক্ষ থেকে অবশ্য পুলিসের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।



