


লন্ডন: এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনও বিশ্ববাসীর মনে দগদগে। সেই অভিশপ্ত স্মৃতিকেই ফের উস্কে দিল ব্রিটেনের এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। রবিবার লন্ডনের সাউথএন্ড বিমানবন্দর থেকে টেক অফের পরমুহূর্তেই ভেঙে পড়ে বিমানটি।
জানা গিয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ বিচ ২০০ সুপার কিং বিমানটি নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা শুরু করে। রানওয়ে ছেড়ে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে ১২ মিটার দীর্ঘ বিমানটি। প্রাথমিক অনুমান, বিমানটি প্রায় ১৭৫ ফিট উচ্চতায় পৌঁছনোর পরেই দুর্ঘটনা ঘটে। যদিও কী কারণে বিপর্যয়, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, নির্ধারিত সময়ের ১০ মিনিট পর, ৩:৫৫ মিনিটে যাত্রা শুরু করে বিমানটি।
সাধারণত এই মাপের বিমানে সর্বোচ্চ ন’জন যাত্রী ও দু’জন বিমানকর্মী থাকতে পারেন। রাত পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার জেরে ওই বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান। প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ানের পরেই বিমানটি ভেঙে পড়ে। শোনা যায় কানফাটানো আওয়াজ। তৈরি হয় বিশাল অগ্নিকুণ্ড। পাকিয়ে ওঠে কালো ধোঁয়ার কুন্ডলী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও পুলিস বাহিনী। এক্স হ্যান্ডেলে দুর্ঘটনার কথা জানিয়ে বিমানবন্দরের তরফে বলা হয়েছে, ‘লন্ডন সাউথএন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনা ঘটেছে। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছি।’
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে স্থানীয়দের অনুরোধ করেন লেবার পার্টির এমপি ডেভিড বার্টেন স্যামসন। এদিকে, দুর্ঘটনার পরেই পাশের রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব সম্পূর্ণ খালি করে দেয় এক্সেস পুলিস।