Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাকাবাড়ি পেতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে দেড় লক্ষের বেশি আর্জি

পাকাবাড়ি পেতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে দেড় লক্ষের বেশি আর্জি
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁদের আস্থা অটুট। ধারাবাহিক কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিতে তিনি যেভাবে রাজ্যের কোষাগার থেকেই টাকা দিয়ে গরিব মানুষের মাথায় পাকা ছাদের  ব্যবস্থা করছেন, তাতে সেই আস্থা আরও মজবুত হয়েছে। বাড়ি তৈরির টাকা দেওয়ার জন্য এখন চলছে উপভোক্তা যাচাইয়ের কাজ। এই পর্বে বাড়ি পাবেন রাজ্যের প্রায় সাড়ে ১১ লক্ষ মানুষ। কিন্তু যাঁদের নাম সেই তালিকায় নেই, অথচ একটি বাড়ির খুব প্রয়োজন, তাঁরা তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রীর দিকে। সরকারিভাবে সমীক্ষার দিনক্ষণ ঘোষণা হতেই উপভোক্তা তালিকায় নাম না থাকা অনেকে বাড়ি চেয়ে আবেদন করছেন মুখ্যমন্ত্রীর কাছে।
Advertisement
রাজ্য সরকার ২৬ সেপ্টেম্বর আবাসের সমীক্ষার কথা ঘোষণা করেছিল। তারপর কেটে গিয়েছে প্রায় দু’মাস। এই সময়কালে দেড় লক্ষের বেশি মানুষ বাড়ির আবেদন জানিয়েছেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে। তার আগে পর্যন্ত একটি-দু’টি করে আবেদন আসছিল। কিন্তু সরকারি উদ্যোগ দেখে অনেকেই এগিয়ে আসেন বাড়ির আবেদন করতে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের যাচাই প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত তালিকা তৈরি করে আর কিছুদিনের মধ্যেই যোগ্য উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা ছাড়তে শুরু করবে রাজ্য। তারপর এই আবেদনগুলি নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করতে পারেন এবং তাতে সুরাহা মিলতে পারে বলে আশাবাদী এই আবেদনকারীরা। 
জানা গিয়েছে, এই ধরনের সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। এই জেলায় ৪৫ হাজারের বেশি আবেদন জমা হয়েছে পোর্টালে। এছাড়া, মুর্শিদাবাদে প্রায় ১৮ হাজার, পূর্ব মেদিনীপুরে ১০ হাজার, মালদহে ১২ হাজারের বেশি বাড়ির জন্য আবেদন জমা পড়েছে।
সম্পর্কিত সংবাদ