Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাকা বাড়ি আছে, আবাস তালিকা থেকে নাম বাদ দিতে চিঠি ২ পঞ্চায়েত সদস্যের  

পাকা বাড়ি আছে, আবাস তালিকা থেকে নাম বাদ দিতে চিঠি ২ পঞ্চায়েত সদস্যের
 
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘটনা ১: ছেলে ভালো চাকরি পেয়েছে, সেই সুবাদে পাকা বাড়িও করেছে। তাই আবাস যোজনায় বাড়ির টাকার প্রয়োজন নেই। ফলে তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক।
Advertisement
ঘটনা ২: বহুদিনের পাকা বাড়ি তাঁর। ব্লক অফিস থেকে যে তালিকা এসেছে পঞ্চায়েতে, তাতে নিজের নাম দেখে অবাক হয়েছিলেন। তাই নাম বাদ দেওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছেন ব্লক অফিসে।
এই দু’জনেই ডায়মন্ডহারবার ১ ব্লকের দুটি পৃথক পঞ্চায়েতের সদস্য। মঙ্গলবার তাঁরা নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে বিডিওকে চিঠি দিয়েছেন। আবাসের তালিকায় শাসকদলের নেতা, জনপ্রতিনিধিদের নাম আছে– এই নিয়ে রাজ্যজুড়ে নানা অভিযোগ উঠেছে। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। সেই জায়গায় ডায়মন্ডহারবারের দুই জনপ্রতিনিধি স্বেচ্ছায় আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করে দৃষ্টান্ত স্থাপন করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রথমবার নির্বাচিত হওয়া বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্য এনায়েত হোসেন মোল্লা বলেন, প্রথম যখন আবাসের সমীক্ষা হয়, তখন আমার পাকা বাড়ি ছিল না। কিন্তু গত বছর ছেলে ভালো চাকরি পেয়েছে। তারপর ঋণ নিয়ে বাড়িও করেছে। এবার যখন নতুন করে সমীক্ষা শুরু হয়, দেখি আমার নাম তালিকায় রয়েছে। তাই ব্লক অফিসে চিঠি দিয়ে নিজের নাম বাদ দিতে বলেছি। অন্যদিকে, মশাট পঞ্চায়েতের রাজু মণ্ডল বলেন, বাড়ি প্রাপ্য যাঁদের, তাঁদের দেওয়া হোক। আমার পাকা বাড়ি রয়েছে। তারপরেও কীভাবে নাম তালিকায় এল, জানি না। এদিকে, ব্লক প্রশাসন জানিয়েছে, পাকা বাড়ি থাকলে এমনিতেই নাম বাদ হয়ে যাবে। প্রসঙ্গত, এর আগে ডায়মন্ডহারবার ২ ব্লকে এক যুবক বাড়ি চাই না বলে চিঠি দিয়েছিলেন।
সম্পর্কিত সংবাদ