নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু অভিযানে রওনা হচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। ৮৪৮৫ মিটার উচ্চ এই শৃঙ্গ এমন শীতকালে এর আগে মাত্র দু’জন পুরুষ জয় করতে পেরেছেন। একজন রাশিয়ার, অন্যজন ইতালির। পিয়ালি জয়ী হলে তিনিই হবেন পৃথিবীর প্রথম মহিলা।
এর আগে ২০২৩ সালের মে মাসে মাকালুর উদ্দেশে রওনা দিয়েছিলেন পিয়ালি। সেবার তাঁর জয় এসেছিল গ্রীষ্মে। পিয়ালি বলছিলেন, ‘প্রবল শীতের মধ্যে মাকালু জয় করাটা আলাদা অ্যাডভেঞ্চার। এটা করতে পারলে দেশের জন্যও আলাদা স্বীকৃতি হবে।’ শীতকালে মাকালুর তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ৭০-৮০ ডিগ্রি সেন্টিগ্রেড। হাওয়া চলে ঘণ্টায় প্রায় ১৩০ কিমি বেগে। অক্সিজেনেরও অভাব হয়। এবার শীতকে সঙ্গী করে, প্রতিকূল আবহাওয়াতেই রওনা দিচ্ছেন হুগলি চন্দননগরের বাসিন্দা পিয়ালি। পিয়ালি বলছিলেন, ‘টাকা-পয়সার সমস্যা আছেই। কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েই অভিযানে যাচ্ছি। পাশাপাশি শুভানুধ্যায়ীরাও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’ চলতি সপ্তাহেই মাকালুর উদ্দেশে রওনা হচ্ছেন এই বঙ্গতনয়া।