


সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রবল ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। ঘন কুয়াশায় মোড়া সকালে তার মধ্যেই দুর্ঘটনা জাতীয় সড়কে। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ বাগনানের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে এসে ধাক্কা মারে মুরগি বোঝাই একটি পিক-আপ ভ্যান। এই ঘটনায় ওই পিক-আপ ভ্যানের চালক পার্থপ্রতিম দেঁড়ে (৪১) এবং খালাসি শ্রীকান্ত দেয়াশীর (৪২) মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বাগনান থানার বরুন্দা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকের বাড়ি বাগনানের নবাসনে এবং শ্রীকান্ত থাকতেন ওই থানা এলাকার দুর্লভপুরে। সূত্রটি জানিয়েছে, ওই গাড়ির পিছনেই বসেছিলেন বিকাশ পাত্র। তাঁকে আহত অবস্থায় ভরতি করা হয়েছে বাগনান গ্রামীণ হাসপাতালে।
বাগনান থানার পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ দু’টি গাড়িকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জাতীয় সড়কের কলকাতামুখী লেনে বরুন্দা এলাকায় রাস্তার পাশেই দাঁড়িয়েছিল লরিটি। সকাল ৬টা নাগাদ মুরগী বোঝাই পিক-আপ ভ্যানটি কলকাতা অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে পিক-আপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির মধ্যে আটকে পড়েন চালক ও খালাসি। গাড়িতে থাকা ওই গাড়িতেই থাকা বিকাশ পাত্র ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে বাগনান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক পার্থপ্রতিম দেঁড়ে এবং শ্রীকান্ত দেয়াশীকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই পিক-আপ ভ্যানটি পার্থদের। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। নবাসন এলাকায় তাঁদের একটি পোলট্রি ফার্ম রয়েছে। এদিন ভোর ৪টে নাগাদ মুরগি নিয়ে তিনি মেদিনীপুর গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। -নিজস্ব চিত্র