Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেসবুকে ‘ভুয়ো প্রোফাইল’ খুলে টিটাগড় পুরসভা নিয়ে বিষোদ্গার

ফেসবুকে ‘ভুয়ো প্রোফাইল’ খুলে টিটাগড় পুরসভা নিয়ে বিষোদ্গার
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘টিটাগড় কি আওয়াজ’ নামে ফেসবুকে ‘ভুয়ো প্রোফাইল’ খুলে টিটাগড় পুরসভা সম্পর্কে নানা অভিযোগ তুলে ধরা হচ্ছে। আক্রমণের লক্ষ্য পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। তাঁর বিরুদ্ধে বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রচারে টিটাগড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে পুর কর্তৃপক্ষ। চেয়ারম্যান কমলেশ সাউ এই বিষয়ে অভিযোগ জানান বারাকপুরের পুলিস কমিশনারেটে। প্রতিলিপি জমা দেওয়া হয় টিটাগড় থানা ও স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীর কাছে। 
Advertisement
সম্প্রতি টিটাগড় পুরসভা সংক্রান্ত একটি ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট বারাকপুর শিল্পাঞ্চলে ভাইরাল হয়েছে। যেখানে পুরসভার বিভিন্ন কাজকর্ম নিয়ে চেয়ারম্যানকে নিশানা করা হয়েছে। অভিযোগ, ফেসবুকের ওই অ্যাকাউন্টটি ভুয়ো এবং ওই ফেসবুক পেজে লাগাতারভাবে পুরসভার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিল্ডিং প্ল্যান পাশের জন্য টাকা নেওয়া নেওয়া সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। এমনকী, চেয়ারম্যানের বিরুদ্ধেও কুৎসা করা হচ্ছে। চলছে ব্যক্তি আক্রমণ।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে আক্রমণের সুরে চেয়ারম্যান বলেন, ‘টিটাগড় কি আওয়াজ’ নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে কদর্য ভাষায় পুরসভার বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার করা হচ্ছে। বিজেপির কিছু লোক তৃণমূলে যোগ দিয়ে এমনটা করছে বলেও দাবি করেন তিনি। পুলিস কমিশনারকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ওই অ্যাকাউন্ট কে বা কারা খুলেছে, তা খতিয়ে দেখছে পুলিস। এনিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেছেন, ‘বিজেপি ছেড়ে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা তো এখন ওদের দলের লোক। আসলে এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির কেউ এর সঙ্গে যুক্ত নয়।’ প্রসঙ্গত, টিটাগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। সম্প্রতি সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক রাজ চক্রবর্তী সমস্ত কাউন্সিলার এবং নেতাদের নিয়ে বৈঠক করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে কারও কোন অভিযোগ থাকলে তা সাংসদ ও বিধায়ক খতিয়ে দেখবেন বলে দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার ওই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।
সম্পর্কিত সংবাদ