সংবাদদাতা, ঘাটাল: শিবের বুকে পা দিয়ে গৃহবধূর ‘রিল’ বানানোর জেরে কড়া সিদ্ধান্ত নিল ক্ষীরপাইয়ের বড়মা মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে আর বড়মার মূর্তির সামনে ছবি তোলা বা ভিডিয়ো করা যাবে না। শুক্রবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকরী হল। মন্দিরের প্রতিষ্ঠাতা শুদ্ধোধন রায় বলেন, রিল তৈরিতে রাশ টানতে কঠোর অবস্থান নিতে বাধ্য হতে হয়েছে।
উল্লেখ্য, শম্পা মল্লিক নামে এক গৃহবধূর ফেসবুক প্রোফাইল থেকে বুধবার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ, ওই মহিলা বড়মা মন্দিরের গর্ভগৃহে ঢুকে বিগ্রহের হাত থেকে খাঁড়া কেড়ে নিয়ে শিবের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রিল বানিয়েছেন। এই কদর্য ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। মন্দিরে ঢুকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার প্রতিবাদে বৃহস্পতিবার দফায় দফায় বিক্ষোভ হয় ক্ষীরপাই শহরে। সকালের দিকে ভক্তরা ঘটনার তদন্ত চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা তৃণমূলের চন্দ্রকোণা-১ ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে আলাদা করে ওই ঘটনার তদন্তের জন্য লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, এভাবে আমাদের ভাবাবেগে আঘাত কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গাইকোয়াড় জানিয়েছেন, ভিডিওটি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে এবং ওই গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার হোমযজ্ঞ করে মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা ও শুদ্ধিকরণ করে কর্তৃপক্ষ।
এই ঘটনার পরই শুক্রবার থেকে জারি করা নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, মন্দিরের রেলিংয়ের ভেতরে ঢুকে ছবি তোলা বা ভিডিও করা কঠোর ভাবে নিষিদ্ধ। এমনকী কেউ যদি মোবাইল বা ক্যামেরা নিয়ে রিল বানানোর চেষ্টা করেন তবে তৎক্ষণাৎ সেই সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে। মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়েছেন, নির্দেশ অমান্য করলে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে তাঁরা বাধ্য হবেন।
কেঠিয়া খালের পাড়ে অবস্থিত ৩৫ ফুট উচ্চতার এই কালীমূর্তি দর্শনে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন। এই মন্দিরে কোনো পুরোহিত নেই, থাকে না প্রণামীর বাক্সও। অবারিত দ্বার হওয়ার সুযোগ নিয়েই এমন অপকীর্তি। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে একদিকে যেমন মন্দিরের শান্তি ও পবিত্রতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে, তেমনই নিছক ছবি তোলা বা রিল বানানোর জন্য যাঁরা ভিড় করতেন, তাঁদের সংখ্যা একধাক্কায় অনেকটাই কমে যাবে। তবে প্রিয় মন্দিরের অন্দরমহলে ক্যামেরা নিষিদ্ধ হওয়ার খবরে হতাশ লক্ষ লক্ষ নেটিজেন।