নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের বেলা ফাঁকা রাস্তায় ছুরি দেখিয়ে দুঃসাহসিক ছিনতাই খাস কলকাতায়। ভাইফোঁটার রাতে ঘটনাটি ঘটে বালিগঞ্জ থানা এলাকার শরৎ বসু রোডে। অভিযোগ, এক ভরির সোনার হার, সাড়ে তিন হাজার টাকা সহ এক মহিলার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম আফতাব ও মুরাদ। সোমবার তাদের পার্ক সার্কাস এলাকা থেকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিস।
Advertisement
লালবাজার জানিয়েছে, রবিবার রাতে ভাইফোঁটার অনুষ্ঠানে সেরে ফিরছিলেন ওই মহিলা। একটি বাইকে করে মিন্টো পার্কের দিক থেকে আসে দুই যুবক। রাস্তার ধারে দাঁড়িয়ে ওই মহিলা তখন অ্যাপ ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর সামনে এসে ছুরি দেখিয়ে ভয় দেখায় এক যুবক। খুনের হুমকিও দেওয়া হয়। ছিনতাইয়ের পর একটি গলি দিয়ে পার্ক সার্কাসের দিকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরই সরাসরি বালিগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন মহিলা। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিস। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা অভিযুক্তদের চিহ্নিত করেন। এরপরেই সোমবার সকালে কড়েয়া থানা এলাকায় অভিযান চালায় বালিগঞ্জ থানার পুলিস। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ব্যবহার করা বাইকটি। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার হারও।



