নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২মার্চ পর্যন্ত তমলুক শহরে রাখাল মেমোরিয়াল ময়দানে ষষ্ঠ তাম্রলিপ্ত বইমেলা হবে। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বইমেলা উপলক্ষ্যে শুক্রবার উদ্যোক্তারা একটি সাংবাদিক বৈঠক করেন। বইমেলা কমিটির সম্পাদক বিধানচন্দ্র সামন্ত, সহ সম্পাদক সরোজকুমার জানা, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ সহ আরও অনেকে ছিলেন। এবারের বইমেলা উদ্বোধন করবেন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায় থাকবেন। কলকাতার বিভিন্ন নামী প্রকাশনা সংস্থা এবারের বইমেলায় অংশ নেবে। দু’টি পুরনো বইয়ের স্টল থাকবে। সেখানে নানা দুষ্প্রাপ্য বই পাওয়া যাবে। শিশুদের জন্য মঞ্চ থাকবে। প্রাইমারি স্কুল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের অংশগ্রহণ বাড়াতে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।



