Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কেন্দ্রের ইএলআই স্কিম নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ পিএফ দপ্তরের

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ’ বা ইএলআই স্কিম ঘোষণা করেছে। আগামী ১ আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে।

কেন্দ্রের ইএলআই স্কিম নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ পিএফ দপ্তরের
  • ২০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ’ বা ইএলআই স্কিম ঘোষণা করেছে। আগামী ১ আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে কর্মসংস্থান হলে এই স্কিমের সুবিধা মিলবে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে ইপিএফও আঞ্চলিক অফিসগুলিতে। ১৮ জুলাই উত্তর ২৪ পরগনার আগরপাড়ার টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে এই সংক্রান্ত সচেতনতা শিবিরের আয়োজন করে বারাকপুর রিজিয়ন। এখানকার অফিসাররা ইএলআই স্কিম সম্পর্কে খুঁটিনাটি তথ্য সরবরাহ করেন। কারা কীভাবে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে কত টাকার সুবিধা পাবেন, তা বিস্তারিত ব্যাখ্যা করেন দপ্তরের কর্তারা। বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তাঁরা। 

Advertisement

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রকল্পটির হাত ধরে আগামী দু’বছরে সংগঠিত ক্ষেত্রে সাড়ে তিন কোটি কাজের সুযোগ তৈরির আশা করা হচ্ছে। ঘোষিত প্রকল্পকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছেন সেইসব কর্মীরা, যাঁরা প্রথমবার কাজে যোগ দিচ্ছেন। তাঁরা একমাসের মজুরি হিসেবে দুই কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত পাবেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (ইপিএফও) নথিভুক্ত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধা পাবেন। যাঁদের বেতন এক লক্ষ টাকার নীচে, তাঁরাই এই সুবিধা পাবেন। চাকরির ছ’মাস পর প্রথম কিস্তি এবং ১২ মাস পর দ্বিতীয় কিস্তির টাকা মিলবে। দ্বিতীয় সুবিধাটি দেওয়া হবে কর্মদাতা সংস্থাগুলিকে। ধারাবাহিকভাবে ছ’মাস কর্মরত প্রত্যেক অতিরিক্ত কর্মীর জন্য দু’বছর ধরে মাসে তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কর্মদাতাদের। উৎপাদন শিল্পের ক্ষেত্রে এই সুযোগ মিলবে চার বছর পর্যন্ত। এই সুবিধাগুলি দিতে কয়েকটি শর্ত মেনে চলতে হবে সংস্থাগুলিকে, জানিয়েছেন ইপিএফও’র কর্তারা।

সম্পর্কিত সংবাদ