Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

গ্রাহকের অভিযোগ শুনতে আজ জেলায় জেলায় পিএফের ক্যাম্প

আজ, ২৭ অক্টোবর সোমবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)।

গ্রাহকের অভিযোগ শুনতে আজ জেলায় জেলায় পিএফের ক্যাম্প
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, ২৭ অক্টোবর সোমবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে দপ্তরে অভিযোগ জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখ পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলি শোনেন তাঁরা। সেখানেই তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচির নাম ‘নিধি আপকে নিকট’। 

Advertisement

দপ্তরের কর্তারা জানিয়েছেন, এ রাজ্যে কলকাতার পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের জন্য ক্যাম্প বসবে ১৭সি, আলিপুর রোডের হিন্দালকো ইন্ডাস্ট্রিজের দপ্তরে। পাশাপাশি, পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের আওতায় দক্ষিণ ২৪ পরগনায় ক্যাম্প বসবে কালিকাপুরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে ওয়ান অটো প্রাইভেট লিমিটেডে। কলকাতা আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে কালিকাপুরের মাদুরদহ মেইন রোডে এনআইএস ম্যানেজমেন্ট লিমিটেডের অফিসে। এছাড়াও ৮৬এ, তপসিয়া রোড (সাউথ) ঠিকানায় গ্যানন ডাঙ্কারলি অ্যান্ড কোম্পানি লিমিটেডের দপ্তরে ক্যাম্প হবে। হাওড়ার পিএফ আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে একাধিক জেলায়। হাওড়াতেই ধুলাগড় পলিপার্কে ‌রয়্যাল কম্পোজিটের কারখানায় হবে ক্যাম্প। হুগলিতে চন্দননগরের বড়বাজার এলাকায় হোটেল ডিই-তে অনুষ্ঠিত হবে ‘নিধি আপকে নিকট’।
পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপে বিবেকানন্দ মিশন স্কুলে ক্যাম্প হবে আজ। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে সেই ক্যাম্প হবে খড়্গপুরের সনকায় ম্যাট ফাউন্ড্রি ইন্ডিয়া লিমিটেডের অফিসে। ঝাড়গ্রামের রঘুনাথপুরে ঝাড়গ্রাম লায়নস মডেল স্কুলে বসবে ক্যাম্প।
বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় নদীয়ার কল্যাণীতে বি ১০/১৬৪ ঠিকানায় সুশীল সরকারের অফিসকে বেছে নেওয়া হয়েছে ক্যাম্পের জন্য। উত্তর ২৪ পরগনায় তা হবে বারাসতের নারায়ণা হাসপাতালে। বহরমপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে মুর্শিদাবাদের জঙ্গিপুরের উমরপুরে ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ঠিকানায়। দুর্গাপুর অফিসের আওতায় তা অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে জয় বালাজি ইন্ডাস্ট্রিজ, পূর্ব বর্ধমানের রামকৃষ্ণ রোডে অঙ্গন ম্যারেজ হল, বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশন রোডে শালিমার হ্যাচারিজ, বীরভূমের প্যাটেলনগর মিনারেলল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং পুরুলিয়ার আনারায় আনারা শ্যামপুর সিনেমা হলে। 
শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে দার্জিলিং জেলার হিল কার্ট রোডের হোটেল সালুজায়, উত্তর দিনাজপুরের চোপড়ার বিডিও অফিসে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটিতে। দার্জিলিং আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে হ্যাপি ভ্যালি টি এস্টেটে। তবে জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় থাকা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবার কোনও ক্যাম্প হচ্ছে না বলে জানিয়েছে ইপিএফও।

Advertisement
সম্পর্কিত সংবাদ