পাটনা: সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিতে হবে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে বানানো ‘এআই’ ভিডিও। বুধবার কংগ্রেসকে এমনই নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। গত ১০ সেপ্টেম্বর এক্স হ্যান্ডলে একটি ‘এআই’ নির্মিত ভিডিও প্রকাশ করে বিহার কংগ্রেস। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মা হিরাবেনকে দেখা যায়। স্বপ্নে এসে ছেলে নরেন্দ্রকে বকাবকি করছেন তাঁর মা, এমনটাই দেখানো হয়েছে ওই ভিডিওতে। এতেই প্রবল আপত্তি জানায় বিজেপি। পাটনা হাইকোর্টে বিষয়টা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। বুধবার সেই মামলার শুনানিতে পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পি বি বাজানথরি এবং বিচারপতি অলোক কুমার সিনহার বেঞ্চ নির্দেশ দেয়, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও অবিলম্বে সরাতে হবে। পাশাপাশি বিহার প্রদেশ কংগ্রেস কমিটি, নির্বাচন কমিশন এবং রাহুল গান্ধীকেও নোটিশ পাঠিয়েছে আদালত।



