নয়াদিল্লি ও কলকাতা, ৮ ডিসেম্বর: ইন্ডিগো সমস্যার সমাধান হবে কবে? দেশের বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের এটাই এখন প্রশ্ন। সোমবার, সপ্তম দিনেও সমস্যা সমাধানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এদিন সকাল থেকে সাড়ে চারশোর বেশি উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। যার জেরে অব্যাহত যাত্রী হেনস্তা। গোটা ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন,‘কোনও পরিকল্পনা ছাড়াই এতো উড়ান বাতিল করা হল। খুব বিরক্তির।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার শুধু ইভিএম কব্জা করে ক্ষমতা দখলে ব্যস্ত। আমজনতাকে নিয়ে ওদের কোনও চিন্তা নেই। যার জেরে ভুগছেন হাজার হাজার সাধারণ মানুষ।’ সেইসঙ্গে আকাশছোঁয়া বিমানভাড়া নিয়েও উদ্বেগ ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।



