Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চলন্ত ট্রেনের মহিলা কামরা থেকে ফেলা হল যাত্রীকে, গ্রেপ্তার যুবক

বেলুড় স্টেশনে চলন্ত ট্রেনের মহিলা কামরায় তরুণীকে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক। আহত রোশনি কুমারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন।

চলন্ত ট্রেনের মহিলা কামরা থেকে ফেলা হল যাত্রীকে, গ্রেপ্তার যুবক
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলন্ত ট্রেনের মহিলা কামরা থেকে তরুণীকে ধাক্কা মেরে ফেলে খুনের চেষ্টার অভিযোগ উঠল। রবিবার রাত পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলুড় স্টেশনে। রোশনি কুমারী (২২) নামে ওই তরুণীর মাথায় ও হাতে আঘাত পেয়েছেন। ঘটনায় অভিযুক্ত যুবক গণেশ কুমারকে রাতেই বালি স্টেশন থেকে গ্রেপ্তার করেছে বেলুড় জিআরপি। মহিলা কামরায় ওঠার প্রতিবাদ করার কারণেই তরুণীকে ধাক্কা মারা হয় বলে প্রাথমিকভাবে জেনেছে রেল পুলিশ। মহিলাকে শ্লীলতাহানি করাও উদ্দেশ্য ছিল কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর, রিষড়ার বাসিন্দা ওই তরুণী সল্টলেকে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করেন। অফিস থেকে রিষড়ায় বাড়ি ফেরার জন্য হাওড়া স্টেশন থেকে রাত সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল লোকালের মহিলা কামরায় ওঠেন। লিলুয়া স্টেশন থেকে ওই কামরায় ওঠে অভিযুক্ত যুবক। প্রতিবাদ করেন অভিযোগকারিণীসহ অন্য মহিলারা। তরুণী লিখিত অভিযোগে জানিয়েছেন, বেলুড় স্টেশনে ট্রেন ঢোকামাত্র তাঁর কাছে চলে আসে যুবক। ট্রেন ছেড়ে বালির দিকে এগলে তাঁকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্ত। ওই অবস্থায় রোশনি কিছুটা এগনোর চেষ্টা করেন। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তরুণীর মাথায় ও হাতে একাধিক আঘাত লাগে। খবর পেয়ে  পৌঁছয় বেলুড় জিআরপি। সমস্ত স্টেশনে সতর্কবার্তা পাঠানো হয়। ট্রেন বালিতে ঢোকামাত্র মহিলা কামরায় থাকা ওই যুবককে আটক করে বেলুড় জিআরপির হাতে তুলে দেওয়া হয়। রেল পুলিশ জেনেছে, মহিলা কামরায় ওঠা নিয়ে তর্কাতর্কি থেকে এই ঘটনা ঘটিয়েছে ওই যুবক। একইসঙ্গে শ্লীলতাহানিরও উদ্দেশ্য ছিল। উত্তরপ্রদেশের বাসিন্দা ধৃতের অপরাধের ইতিহাস আছে কি না, দেখা হচ্ছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ