Bartaman Logo
১১ জুন, ২০২৬

বিমানে চড়কাণ্ড: অবশেষে অসমের বরপেটায় খোঁজ মিলল সেই যাত্রীর

ইন্ডিগোর বিমানে চড়কাণ্ডের পর খুঁজে পাওয়া যাচ্ছিল না হেনস্তার শিকার হওয়া ব্যক্তিকে। দিন দু’য়েক নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল হুসেন আহমেদ মজুমদার নামে ওই যাত্রীর।

বিমানে চড়কাণ্ড: অবশেষে অসমের বরপেটায় খোঁজ মিলল সেই যাত্রীর
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি ও কলকাতা: ইন্ডিগোর বিমানে চড়কাণ্ডের পর খুঁজে পাওয়া যাচ্ছিল না হেনস্তার শিকার হওয়া ব্যক্তিকে। দিন দু’য়েক নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল হুসেন আহমেদ মজুমদার নামে ওই যাত্রীর। পুলিস সূত্রে খবর, অসমের বরপেটার একটি রেল স্টেশনে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু, কীভাবে তিনি সেখানে পৌঁছেলেন তা স্পষ্ট নয়। কারণ, বিমানে চড়কাণ্ডের পর তিনি কলকাতা বিমানবন্দরে নেমে গিয়েছিলেন। সেখান থেকে বরপেটার দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। পাশাপাশি, মুম্বই থেকে কলকাতা হয়ে তাঁর শিলচর যাওয়ার কথা ছিল। 

Advertisement

গত বৃহস্পতিবার ইন্ডিগোর বিমানে মুম্বই থেকে কলকাতা হয়ে শিলচর আসছিলেন হুসেন। মাঝ আকাশেই প্যানিক অ্যাটাক হয় তাঁর। এরপরই হাফিজুল রহমান নামে এক সহযাত্রী তাঁকে চড় মারেন। এই ঘটনায় বিমানের মধ্যেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়। বিমান কলকাতায় অবতরণের পর রহমানকে পুলিসের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি হুসেনও বিমানবন্দর ছেড়ে চলে যান। কিন্তু, তারপর থেকে অসমের বাসিন্দা ওই যাত্রীর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের তরফে পুলিস, সিআইএসএফকে অভিযোগ জানানো হয়েছিল। অবশেষে অসমেরই বরপেটার রেল স্টেশনে তাঁর খোঁজ মিলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ