Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখার বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন দলেরই অলোক

এবারে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিল করতে চলেছেন দলেরই দীর্ঘদিনের কর্মী বলে পরিচিত অলোক সেন

ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখার বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন দলেরই অলোক
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবারে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিল করতে চলেছেন দলেরই দীর্ঘদিনের কর্মী বলে পরিচিত অলোক সেন। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসনের দপ্তরে গিয়ে প্রার্থী হওয়ার জন্য দাবি করে ধার্য হওয়া টাকা জমা করেছেন তিনি। শনিবার নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। অলোকবাবুর দাবি, ওই আসনে দলীয় কর্মী-সমর্থকদের একটা বিরাট অংশ তাঁর পাশে রয়েছেন। সেই কারণে তাঁদের দাবি মেনে তিনি ওই বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করতে চেয়েছেন। যদিও জলপাইগুড়ি জেলা নেতৃত্ব তাঁর এই সিদ্ধান্ত নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ। তাদের দাবি, অলোকবাবু এই মুহূর্তে দলের কোনো পদেই নেই। কাজেই স্বাধীন দেশের যে কোনো নাগরিক নির্বাচনে কমিশনের ধার্য করা নিয়ম অনুযায়ী উপযুক্ত হলে অবশ্যই লড়াই করতে পারেন। এবিষয়ে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় বলেন, অলোকবাবু এই মুহূর্তে আমাদের দলের কোনো পদে নেই। কাজেই তাঁর কোনো সিদ্ধান্ত প্রসঙ্গে আমি মন্তব্য করব না। অলোকবাবু বলেন, দিনের পর দিন ওই এলাকায় পড়ে থেকে আমি সংগঠন তৈরি করেছি। দল আমাকে সেই মর্যাদা দেয়নি। কাজেই ওই বিধানসভায় প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিধায়ককে হারানোই আমার লক্ষ্য। এই প্রসঙ্গে শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি প্রচারে ব্যস্ত থাকায় কোনো মন্তব্য করতে চাননি।

Advertisement

উল্লেখ্য, ২০২১ সালেও বর্তমান বিধায়ককে বিজেপি টিকিট দেওয়ার পরে নির্দল হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন অলোকবাবু। যদিও সেই সময় দলের স্থানীয় ও রাজ্য নেতৃত্ব তাঁকে বুঝিয়ে তা প্রত্যাহার করিয়েছিলেন। এর আগে ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদে নির্বাচনে লড়েছিলেন অলোকবাবু। যদিও তিনি হেরে যান। তবে ২০২১ সালের মতো এবছরেও শিখা চট্টোপাধ্যায়কে ফের দলের তরফে টিকিট দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র দাখিল করতে চলেছেন তিনি। 

সম্পর্কিত সংবাদ