নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, বোলপুর: বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। এই আবহে বীরভূম জেলায় আসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা কোর কমিটির সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ২৮ জুলাই মিছিল শেষে বৈঠক হতে পারে। নির্বাচনকে পাখির চোখ করে দলের সুপ্রিমো রণকৌশল তৈরি করে দিতে পারেন। মুখ্যমন্ত্রী জেলায় আসার আগে তড়িঘড়ি বৃহস্পতিবার কোর কমিটি বৈঠকে বসে। আগামী ২৬ জুলাই এই বৈঠক হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর জেলা সফরের কথা মাথায় রেখে এদিন বোলপুরে দলের পার্টি অফিসে বৈঠক হয়। দুই সাংসদ ছাড়া কোর কমিটির সকলে উপস্থিত ছিলেন। নেত্রীর বৈঠক প্রসঙ্গে কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, এবিষয়ে এখনও কিছু জানা নেই। তবে, তিনি ডাকলে আমরা অবশ্যই বৈঠকে বসব।
দীর্ঘদিন পর বীরভূম জেলা সফরে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪সালের সেপ্টেম্বরে শেষবার তিনি জেলা সফরে এসেছিলেন। প্রশাসনিক মহলের পাশাপাশি জেলা তৃণমূলের অন্দরেও জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রের খবর, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা সহ বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাকের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল হবে এই জেলায়। নেত্রীর সঙ্গে কোর কমিটির সদস্য, থাকবেন। জেলার প্রতিটি ব্লকের কর্মী-সমর্থকরা থাকবেন। জানা গিয়েছে, মিছিল শেষে ওইদিন বোলপুরের রাঙাবিতান গেস্টহাউসে কোর কমিটির সদস্যদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করার সম্ভাবনা রয়েছে।বীরভূম জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্বে ইতি টানতে দলের সুপ্রিমোকে হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল। জেলার দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে কাজ করার বার্তাও তিনি দিয়েছিলেন। কিন্তু তারপরও দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সিউড়ি-২ ব্লকেও দলের ভিতরে দ্বন্দ্ব বেড়ে চলেছে। ছাব্বিশের নির্বাচনের প্রাক্কালে যা নিয়ে জেলা নেতৃত্বের মাথাব্যথা বেড়েছে।
রাজনৈতিক মহলের দাবি, দলের সুপ্রিমো কোর কমিটির সদস্যদের দ্বন্দ্ব মেটাতে বিশেষ বার্তা দিতে পারেন। সেইসঙ্গে আগামীর নির্বাচনের রণকৌশলও বাতলে দিতে পারেন।
এদিন বোলপুরে কোর কমিটির বৈঠকে বিধায়ক আশিসবাবু, প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত ও কাজল ছিলেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূলের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষও বৈঠকে ছিলেন। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় দুই সাংসদ অসিত মাল ও শতাব্দী রায় এদিন বৈঠকে যোগ দিতে পারেননি।
বৈঠকে মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়েই আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান আশিসবাবু। তিনি বলেন, বাংলা ভাষা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিলের অংশগ্রহণের জন্য দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। দলের পদাধিকারী, জেলার ২১টি ব্লক কমিটি, ছ’টি টাউন কমিটি সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ২৭জুলাই নানুরে শহিদ দিবসে কোর কমিটির সহ জেলা নেতৃত্ব থাকবে। আগামী ১৭ আগস্ট কোর কমিটির পরবর্তী বৈঠক হবে।