Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাইন্ড গেম খেলেছে পন্থরা, মন্তব্য শচীনের

প্রথম টেস্টের দ্বিতীয় দিন লম্বা জুটি চলাকালীন শুভমান গিল ও ঋষভ পন্থ ‘মাইন্ড গেম’ খেলছিলেন। এমনটাই মনে হয়েছে শচীন তেন্ডুলকরের।

মাইন্ড গেম খেলেছে পন্থরা, মন্তব্য শচীনের
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: প্রথম টেস্টের দ্বিতীয় দিন লম্বা জুটি চলাকালীন শুভমান গিল ও ঋষভ পন্থ ‘মাইন্ড গেম’ খেলছিলেন। এমনটাই মনে হয়েছে শচীন তেন্ডুলকরের। সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারের পোস্ট, ‘শোয়েব বশিরের স্পেল চলার সময় একটি ব্যাপার নজরে এল। ডেলিভারির ফাঁকে শুভমান ও ঋষভ জোরে জোরে হিন্দিতে কথা বলছিল। তা কিন্তু মোটেই সাধারণ কথাবার্তা ছিল না। আসলে বোলারের সঙ্গে ওরা মাইন্ড গেম খেলছিল। চাইছিল, বশিরের ছন্দ নষ্ট করতে। এই মাইন্ড গেমের কথা স্কোরবোর্ডে জায়গা পাবে না। কিন্তু ম্যাচে এর তাৎপর্য অপরিসীম।’ পাশাপাশি, শচীন ভূয়সী প্রশংসা করেছেন পন্থের ব্যাটিংয়ের। বিশেষ করে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার সময় তাঁর মারা প্যাডল সুইপ নিয়ে উচ্ছ্বসিত তিনি। তেন্ডুলকরের মতে, ‘পন্থের ওই শট মোটেই আকস্মিক বা আচমকা হয়ে যাওয়া নয়। এটা পুরোপুরি পরিকল্পিত। মারাত্মক বুদ্ধিদীপ্ত শট। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ফলে ও বলের নীচে গিয়ে শট নিতে পারে। তাই লেগ স্লিপের উপর দিয়ে মারা শটটা নিয়ন্ত্রণে থাকে।’

Advertisement

কমেন্ট্রি বক্সে বসে সুনীল গাভাসকরও মুক্ত কণ্ঠে বাহবা জানিয়েছেন ঋষভকে। বিশাল ছক্কা মেরে পন্থ শতরানে পৌঁছনোর পর সানিকে বলতে শোনা যায়, ‘সুপার্ব... সুপার্ব... সুপার্ব...!’ উল্লেখ্য, গত অস্ট্রেলিয়া সফরে বক্সিং ডে টেস্টে র‌্যাম্প শট মারতে গিয়ে আউট হয়েছিলেন পন্থ। ধারাভাষ্যকার গাভাসকর বিরক্তির সঙ্গে বলেছিলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’। তারপর ঠিক ১৭৫ দিনের মাথায় বাঁ হাতি তারকা সম্পর্কে ফের তিনটি শব্দ ব্যবহার করলেন সানি। তবে কিংবদন্তির গলায় এবার ধিক্কারের পরিবর্তে স্তুতিবাক্য।

সম্পর্কিত সংবাদ