Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বল ছুড়ে শাস্তি পেতে পারেন পন্থ

দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভরসা দিয়েছেন ঋষভ পন্থ। তবে সেই খুশির আবহেও যথেষ্ট উদ্বেগে ভারতের সহ-অধিনায়ক। কারণ শাস্তির খাঁড়া ঝুলছে পন্থের উপর।

বল ছুড়ে শাস্তি পেতে পারেন পন্থ
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিডস: দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভরসা দিয়েছেন ঋষভ পন্থ। তবে সেই খুশির আবহেও যথেষ্ট উদ্বেগে ভারতের সহ-অধিনায়ক। কারণ শাস্তির খাঁড়া ঝুলছে পন্থের উপর। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বল ছুড়ে দেন তিনি। ৬১তম ওভারের পঞ্চম বলের পর এই ঘটনা ঘটে। মহম্মদ সিরাজকে বাউন্ডারি মেরেছিলেন হ্যারি ব্রুক। সেই সময় বলের কন্ডিশন নিয়ে অসন্তুষ্ট দেখায় পন্থকে। আম্পায়ার পল রিফেলের কাছে বল পাল্টানোর অনুরোধ করেন তিনি। সেই মতো বলের আকার মাপার চাকতির মধ্যে তা পরীক্ষা করে দেখেন রিফেল। কিন্তু তাতে কোনও সমস্যা ধরা পড়েনি। পন্থ যদিও হাল ছাড়েননি। তিনি ফের একই অনুরোধ করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। এতেই হতাশ হয়ে পড়েন ভারতীয় কিপার। তারপর বিরক্তির সঙ্গে বল ছুড়ে ফেলেন মাঠে। সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে ভেসে আসে টিটকিরি। 

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে লাইভ ক্যামেরায় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ‘বারবার বল পরিবর্তনের অনুরোধ করার একটাই মানে, কোনও সুইংই হচ্ছে না। সেই হতাশাই ফুটে উঠেছে এই আচরণে।’ আর এক ধারাভাষ্যকার মার্ক বাউচার বলেন, ‘আমার মনে হয় না, বল ছোড়ার কোনও দরকার ছিল। আমরা জানি যে, পন্থ হল শোম্যান। ওর বোঝা উচিত ছিল, এই আচরণ আম্পায়ারের সম্মানে আঘাত করবে।’ উল্লেখ্য, এই আচরণ আইসিসি’র আচরণবিধির ২.৮ ও ২.৯ ধারায় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের মধ্যে পড়ছে। এটা লেভেল ১ বা লেভেল ২ অপরাধ হিসেবে ধরা হয়। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য হয়ে থাকে। আর লেভেল ২-র ক্ষেত্রে পুরো ম্যাচ ফি জরিমানা, এমনকী সাসপেন্ডের বিধানও রয়েছে আইসিসি’র সংবিধানে। এখন দেখার, এই ঘটনা নিয়ে ম্যাচ রেফারি কী রিপোর্ট জমা দেন। তার উপর নির্ভর করবে পন্থের শাস্তির বহর।

সম্পর্কিত সংবাদ