নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভাটপাড়ায় ফের দুষ্কৃতীরাজ। ফিল্মি কায়দায় ভরদুপুর বাইকে আসা দুষ্কতীরা পরপর ছয় রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। রবিবারের ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান রায় বাহাদুর রোডের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার দখল নিয়ে দুই দুষ্কৃতী দলের লড়াইয়ে এই ঘটনা ঘটেছে। আর এতে এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। যদিও পুলিশের দাবি, ছয় নয়, চার রাউন্ড গুলি চলেছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোলও উদ্ধার হয়েছে। পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। দু’জনকে আটকও করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
বারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটি ও ভাটপাড়ার জমি প্লটিং ও প্রোমোটারি নিয়ে দুষ্কৃতী দলগুলির লড়াই চলছে। এলাকা দখলে থাকলে এইসব কারাবার থেকে রমরমিয়ে টাকা আসে। তাই এলাকায় নিজেদের দখল কায়েম রাখতেই গুলি ও বোমাবাজির ঘটনা ঘটানো হয়। এদিন দুপুর আড়াইটে নাগাদ বাইকে আসা দুষ্কৃতীরা প্রকাশ্যে বন্দুক বার করে এলাকায় ঘোরে। এরপর নিমবাগান রায় বাহাদুর রোডে পরপর ছয় রাউন্ড শূন্যে গুলি চালিয়ে চম্পট দেয়। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রায়বাহাদুর রোডের বাসিন্দারা। আতঙ্কে তাঁরা ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। এরপর তাঁরাই খবর দেন ভাটপাড়া থানায়। খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি শুরু করে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এইসব দুষ্কৃতীদের পিছনে রাজনৈতিক দলের মদত রয়েছে। পুলিশ ধরলেও জামিন করানো ও জেল থেকে ছাড়িয়ে আনার ‘ইকোসিস্টেম’ তৈরি রয়েছে। দুষ্কৃতীদের জন্য এমনকী মাসোহারার ব্যবস্থাও রয়েছে। প্রয়োজন অনুযায়ী তাঁদের ব্যবহার করা হয়। এদিকে, স্থানীয় কাউন্সিলার মিলি দত্ত বলেন, গুলি চলার খবর পেয়েই এসেছি। প্রাথমিকভাবে বলতে পারি, এটা রাজনৈতিক কোনও বিষয় নয়। দুষ্কৃতী দলের মধ্যে ব্যক্তিগত শত্রুতা থেকে গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশকে বলেছি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে। শান্ত এলাকা কোনওভাবে অশান্ত হোক, তা আমরা চাই না।