


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুজোর আগেই গ্রামাঞ্চলের বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল পঞ্চায়েত দপ্তর। প্রাথমিকভাবে তারা ৫০০ কিলোমিটার রাস্তা সংস্কারের করবে বলে জানা গিয়েছে। মূলত স্কুল-কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনের রাস্তা অগ্রাধিকার দিয়ে মেরামত করা হবে। পাশাপাশি অতি বৃষ্টির কারণে যে সব জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে সব রাস্তা বেহাল হয়েছে, মেরামতির প্রশ্নে সেগুলিকেও প্রাধান্য দেওয়া হবে। এই তালিকায় রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, আলিপুর দুয়ারের মতো জেলা। কোন জেলায় এমন কত রাস্তা বেহাল, তার তালিকা চেয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৫০০ কিমি রাস্তা চিহ্নিত করে সারাই করা হবে। এসব রাস্তা হয় খানাখন্দে ভরে রয়েছে, না হয় পিচের আস্তরণ উঠে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। জানা গিয়েছে, এই তালিকায় ধীরে ধীরে রাস্তার সংখ্যা বাড়বে। পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক বলেন, এবার অতি বৃষ্টির কারণে বহু রাস্তা ভেঙেচুরে গিয়েছে। তার উপর বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এর জন্য রাস্তাগুলির হাল আরও খারাপ হয়েছে। জেলাগুলি তালিকা পাঠালে তা খতিয়ে দেখে কাজ শুরু হবে। জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকেও বেশ কিছু রাস্তা মেরামত করা হবে। সেই কাজও পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হয়েছে বলে খবর।