Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে পাঁচলায় গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান

রাজ্যে পালাবদলের পর দুর্নীতি সহ বিভিন্ন ঘটনায় একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন

সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে পাঁচলায় গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে পালাবদলের পর দুর্নীতি সহ বিভিন্ন ঘটনায় একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। এবার সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার নাম সারাফউদ্দিন পুরকাইত। তিনি পাঁচলা ব্লকের বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলা থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সারাফউদ্দিন পুরকাইতের নামে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই দুর্নীতির হিসাব চাইতে সোমবার বিকালে স্থানীয় বিজেপি নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত অফিসে যায়। হিসাব চাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে। এরপর পঞ্চায়েত অফিসে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সারাফউদ্দিন পুরকাইতকে গ্রেপ্তার করে।
এদিন পুলিশ প্রধানকে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বের করার সময় সাধারণ মানুষ তাঁকে দেখে চোর চোর বলে চিৎকার করতে থাকে। অভিযোগকারী বিজেপি যুব মোর্চার হাওড়া সদরের সাধারণ সম্পাদক সমর খাঁড়া বলেন, প্রধান সারাফউদ্দিন পুরকাইতের মদতে বিভিন্ন সরকারি প্রকল্পে একাধিক দুর্নীতি হয়েছে। এতে উপপ্রধান সহ উপসমিতির সদস্যরা জড়িত। পূর্বতন সরকারের আমলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পেও একাধিক দুর্নীতি হয়েছে। কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। যেমন গ্রাম পঞ্চায়েতের ২২৯, ২৩১, ২৩৪, ২৪৪ নম্বর বুথে কোনো কাজ হয়নি। অথচ টাকা উঠে গিয়েছে। আমরা সব দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ