রাঁচি: মাত্র তিন বছরের শিশুকে ধর্ষণ। তবে ঘটনা ধামাচাপা দিতে গ্রামের পঞ্চায়েত ১ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তের কাছ থেকে। আর ২০ হাজার টাকা পেয়েই মদ-মাংস দিয়ে শুরু হয়ে যায় উৎসব। ঝাড়খণ্ডের গুমলা জেলায় এই ঘটনা ঘটে। অবশ্য পুলিশের কানে খবর যেতেই তারা এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অন্যদিকে পঞ্চায়েতের যারা যারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
জানা যাচ্ছে, গত শনিবার বিকেলে পালমা গ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটে। সুনীল লোহরা নামে এক ব্যক্তি ওইদিন শিশুটির বাড়িতে যায়। তার মাকে জানায় যে, সে শিশুটির দেখভাল করতে চায়। এরপর ৩ বছরের শিশুকে ঘরের ভিতর নিয়ে গিয়ে তার উপর অত্যাচার চালায়। ঘটনা পাঁচকান হতেই গ্রামবাসীরা নির্যাতিতার মা ও অভিযুক্তকে চেপে ধরে। তবে শিশুটির মা পুলিশের কাছে যেতে চাইলেও তাঁকে গ্রামের মধ্যেই ব্যাপারটি মিটিয়ে নেওয়ার কথা বলা হয়। পঞ্চায়েত প্রধান সুনীলের কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করে। ২০ হাজার টাকা সঙ্গে সঙ্গে দিতে বলা হয়। আর সেই টাকা হাতে পেয়েই মদ আর মাংস এনে পঞ্চায়েত সদস্যরা খাওয়া-দাওয়া করে উৎসবে মেতে ওঠেন। তবে কোনোভাবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে সুনীলকে গ্রেপ্তার করে।