নয়াদিল্লি, ২৮ মে: পহেলগাঁওতে জঙ্গি হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম অপারেশন সিন্দুর। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েই থেমে থাকেনি ভারতীয় সেনা। নিকেশ করা হয়েছে শতাধিক জঙ্গিও। যার জেরে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে লাগাতার হামলা চালিয়েছিল পাক সেনা। পাল্টা প্রত্যাঘাত করে পাকিস্তানের সেনাদের কঠোর জবাব দিয়েছিলও ভারত। পাক সেনার একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ভোঁতা করে দিয়েছিল নয়াদিল্লি। এর মাঝেই পাওয়া গিয়েছে বড় খবর। সেই সময়ে পাকিস্তানের মুরিদে বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। গত ১০ মে পাকিস্তানে প্রত্যাঘাতের সময়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সম্প্রতী বেশ কয়েকটি উপগ্রহ চিত্র ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুরিদে বায়ুসেনা ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার থেকে মাত্র ৩০ মিটার দূরে বিরাট গর্ত হয়ে গিয়েছে। প্রায় তিন মিটার চওড়া গর্ত হয়েছে সেখানে। ম্যাক্সার টেকনোলজি কিছু উপগ্রহচিত্র প্রকাশ করেছে মুরিদ বায়ুসেনা ঘাঁটির। যাতে ১০ মের পরবর্তী পরিস্থিতি দেখানো হয়েছে।



