Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আলোচনা নয়, প্রত্যাঘাতই দাওয়াই পাকিস্তানের’, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ঘোষণা ভারতের প্রতিনিধিদলের

‘পাকিস্তানকে অনেক সংযম দেখিয়েছে ভারত। অনেক আলোচনা করেছে। অনেক ধৈর্য দেখিয়েছে। এখন সব বাঁধ ভেঙে গিয়েছে। আর আলোচনা নয়।

‘আলোচনা নয়, প্রত্যাঘাতই দাওয়াই পাকিস্তানের’, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ঘোষণা ভারতের প্রতিনিধিদলের
  • ২৬ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

নিউ ইয়র্ক: ‘পাকিস্তানকে অনেক সংযম দেখিয়েছে ভারত। অনেক আলোচনা করেছে। অনেক ধৈর্য দেখিয়েছে। এখন সব বাঁধ ভেঙে গিয়েছে। আর আলোচনা নয়। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে প্রত্যাঘাতই একমাত্র দাওয়াই।’ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই সদর্প ঘোষণা ভারতের। ‘অপারেশন সিন্দুরে’র প্রয়োজনীয়তা তুলে ধরতে দেশে দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে নয়াদিল্লি। মার্কিন মুলুকে ভারতের সাত সদস্যের সর্বদলীয় প্রতিনিধিদের নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রবিবার নিউ ইয়র্কে তিনি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল থেকেই গিয়েছে। ঠিক যেভাবে ওদের আঘাত করার দরকার, তেমনভাবেই আঘাত করেছে আমার দেশ।’

Advertisement

কূটনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকার প্রতিনিধি দলের ভূমিকা। একে তো সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করে বারবার বিবৃতি দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপরন্তু জঙ্গি হামলায় আক্রান্ত ভারত এবং সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তানকে একাসনে বসিয়ে সঙ্কট নিরসনের কথা বলছে তারই প্রশাসন। তাই আমেরিকার মাটিতে দাঁড়িয়েই কঠোর বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। সেই জরুরি কাজটিই করেছে ভারতের প্রতিনিধিদল। এদিন ঩নিউ ইয়র্কে কনসাল জেনারেল অব ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানে ভারত-মার্কিন প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন সেদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এবং থিঙ্কট্যাঙ্কের সদস্যরা। থারুর বলেন, ‘অনেকেই ভুলে যাচ্ছেন, পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তোইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন।’ তাই ভারত এই অভিযান চালাতে ‘বাধ্য’ হয়েছে বলে জানিয়েছেন থারুর। তাঁর হুঁশিয়ারি, ‘আপনারা যা করবেন, তাই ফেরত পাবেন। তেমনই মূল্য চোকাতে হবে।’ 
সন্ত্রাসবাদ প্রশ্নে ভারত যে ঐক্যবদ্ধ, সেই বার্তাও দিয়েছেন তিরবনন্তপুরমের কংগ্রেস সাংসদ। থারুর বলেন, ‘আমি সরকারের জন্য কাজ করি না। আমি একটি বিরোধী দলের সদস্য। তারপরেও আমি বলছি, ভারত সরকার সঠিকভাবেই পাকিস্তানের বুকে প্রত্যাঘাত করেছে। এই জবাবটারই দরকার ছিল।’ অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন— জঙ্গি হামলার উত্তরে প্রত্যাঘাতই এখন ‘নিউ নর্মাল’। মার্কিন মুলুকে শশী থারুরের মুখেও শোনা গেল সেই কথা। বললেন, ‘পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আমাদের নাগরিকদের নির্বিচারে হত্যা করে কেউ পার পেয়ে যাবে! এটা হতে পারে না। প্রত্যেকে এখন সেটা বুঝে গিয়েছে। প্রত্যাঘাতের ভয় এবার সবাই পাবে। এটাই এখন নতুন নিয়ম। নিউ নর্মাল।’ ভারতের প্রতিনিধিরা মনে করিয়ে দিয়েছেন, আমেরিকাও কিন্তু সন্ত্রাসবাদী হামলার শিকার। তথ্য ও মত বিনিময়ের আগে তাঁরা নিউ ইয়র্কের ৯/১১ স্মৃতিফলকে শ্রদ্ধা জানান। থারুর বলেন, ‘আমাদের মনে রাখা উচিত, সন্ত্রাসবাদ উভয় দেশেরই সমস্যা। এই সমস্যায় জর্জরিত গোটা বিশ্ব। তাই আমাদের একযোগে লড়াই করতে হবে।’ এদিন বাহরিনেও পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের এই সদস্য বলেন, ‘জঙ্গিহানায় আমরা কত নিরীহ মানুষকে হারিয়েছি। এর জন্য দায়ী পাকিস্তান। একটা ব্যর্থ রাষ্ট্র।’

Advertisement
সম্পর্কিত সংবাদ