নিউ ইয়র্ক, ১১ ডিসেম্বর: ফের আন্তর্জাতিক মঞ্চে নাম না করেই পাকিস্তানকে একহাত নিল ভারত। আফগানিস্তানে নিরীহ ও নিরস্ত্র নাগরিকদের উপর পাক সেনার হামলাকে যুদ্ধপরাধ বলে দেগে দিল ভারত। আজ, বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে চলাকালীন ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ বলেন, ‘রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন যেন পুরোপুরিভাবে মেনে চলা হয়, বিশেষত নিরীহ নাগরিকদের সুরক্ষার জন্য, সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা। একটা দেশের পুরোটাই স্থলসীমানা, তার জেরে দীর্ঘদিন ধরে তারা দুর্বল হয়ে রয়েছে বাণিজ্য ক্ষেত্রে। তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াটা WTO (ডব্লুটিও)-এর আদর্শের বিরোধী।
যে দেশটা বাধাবিপত্তির পর নিজেদের গড়ে তোলার চেষ্টা করছে, সেখানে হামলা চালানোটা যুদ্ধপরাধের সমান, রাষ্ট্রসংঘের সনদের পরিপন্থী, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এইধরনের আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমরা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন করি।’ সীমান্ত সমস্যার মাঝেই চলতি বছরের অক্টোবরের শুরুতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় নিহত হন নিরস্ত্র আফগান নাগরিকরা। তারপরেই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। কাবুল ও ইসলামাবাদের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করে কাতার ও তুরস্ক। ভারতও কাবুলে, পাক হামলার তীব্র নিন্দা জানায়। এবার রাষ্ট্রসংঘে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ করল ভারত।