Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি পাকিস্তান-আমিরশাহি, সাংবাদিক সম্মেলন বয়কট, নয়া বিতর্কে আগা

হ্যান্ডশেক বিতর্ক মুখ পুড়েছে পাকিস্তানের। ম্যাচ রেফারিকে শাস্তি দেওয়ার দাবি উড়িয়ে দিয়েছে আইসিসি

মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি পাকিস্তান-আমিরশাহি, সাংবাদিক সম্মেলন বয়কট, নয়া বিতর্কে আগা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

দুবাই: হ্যান্ডশেক বিতর্ক মুখ পুড়েছে পাকিস্তানের। ম্যাচ রেফারিকে শাস্তি দেওয়ার দাবি উড়িয়ে দিয়েছে আইসিসি। আর তাতেই ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। প্রতিবাদে হাস্যকর পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট দল। বুধবার আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলন বয়কট করলেন ক্যাপ্টেন সলমন আগা। যা নিয়ে শুরু চর্চা। অনেকে খোঁচা দিতেও ছাড়ছেন না। বলা হচ্ছে, প্রতিবাদে তো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু তা যে সম্ভব নয়, তা ভালোই জানে পাকিস্তান। তাই মুখরক্ষায় প্রেস কনফারেন্স বয়কটের পথে হেঁটেছে। তাতে অবশ্য লজ্জা কমা তো দূরে থাক, বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement

বুধবার মরণ-বাঁচন ম্যাচে সলমন আগাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। দুই দলের সংগ্রহ ২ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে পাকিস্তান। সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ভারতের কাছে গ্রুপের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে পাক ক্রিকেটাররা প্রবল চাপে। তাছাড়া ঘরের মাঠে আমিরশাহি পাবে বিপুল দর্শক সমর্থনও। টি-২০ ক্রিকেটে পচা শামুকে পা কাটার সম্ভাবনা সবসময়ই বেশি। তাই সতর্ক পাকিস্তান।  ওপেনার সায়িম আয়ূব ভারতের বিরুদ্ধে শূন্য হাতে ফিরেছিলেন। সুপার ফোরের ওঠার লড়াইয়ে তাঁর রানে ফেরা জরুরি। শাহিবজাদা ফারহানই গত ম্যাচে সর্বাধিক ৪০ রান করেছিলেন। কিছুটা হলেও তিনি আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মহম্মদ হ্যারিস। এছাড়া ফখর জামান ও ক্যাপ্টেন আগার উপরও অনেক কিছু নির্ভর করছে। পাকিস্তানের বোলিংয়ে বড় মুখ পেসার শাহিন আফ্রিদি। এছাড়া আছেন মহম্মদ নওয়াজ, সায়িম আয়ূব, আব্রার আহমেদ ও সুফিয়ান মকিন। দুবাইয়ের পিচে বল ঘুরছে। তাই পাক স্পিনারদের খেলা কঠিন হবে।
আরব আমিরশাহির কাছে এই ম্যাচে হারানোর কিছু নেই। বরং ঘরের মাঠে এশিয়া কাপের আসরে পাকিস্তানকে হারাতে পারলে সেটাই হবে তাদের কাছে বড় পুরস্কার।
 খেলা শুরু রাত ৮টায়। সোনি নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ