


নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) একদিন ভারতের হবে। সেখানকার মানুষকে ভারত নিজের পরিবারের অংশ বলেই মনে করে। তাঁরা স্বেচ্ছায় ভারতের মূলস্রোতে ফিরে আসবেন। আর সেই দিন আসতে বেশি দেরি নেই। বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে জানিয়েছেন, এবার পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে কেবল সন্ত্রাসবাদ ও পিওকে নিয়ে। এদিন প্রতিরক্ষামন্ত্রী গলাতেও ছিল সেই সুর। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের সংজ্ঞাও নতুন করে লেখা হয়েছে। সন্ত্রাসবাদের যোগ্যতম জবাব দেওয়া হবে। ইসলামাবাদের সঙ্গে ভবিষ্যতে কথা হবে কেবল সন্ত্রাসবাদ এবং পিওকে নিয়ে।’ এদিন দিল্লিতে সিআইআই বিজনেস সামিটে পিওকে-র বাসিন্দাদের প্রতি সৌহার্দ্যের বার্তা দিয়েছেন রাজনাথ। পাক অধিকৃত কাশ্মীরের মানুষের ভারতের প্রতি আস্থা রয়েছে বলেই প্রতিরক্ষামন্ত্রী মনে করেন। তাঁর কথায়, ‘ওঁরা আজ ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন। আমাদের স্থির বিশ্বাস নিজেদের আত্মার কথা শুনে একদিন ওঁরা ভারতের মূলস্রোতে ফিরে আসবেন।’ পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করতে কোনও সামরিক অভিযান নয়, বরং স্থানীয়দের মন জয় করার চেষ্টা চালানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। বলেছেন, একদিন এই পথেই ফিরে আসবে ভারতের অংশ পিওকে। পাকিস্তানের প্রতিও কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। তিনি বলেন, সন্ত্রাসবাদের ব্যবসা লাভের নয়, এর কঠোর মূল্য চোকাতে হয়। এখন তা হাড়েহাড়ে বুঝতে পারছে পাকিস্তান। তাঁর কথায়, ১০ বছর আগে ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ১০ হাজার কোটি টাকারও কম। এখন তা বেড়ে ২৩ হাজার ৫০০ কোটি টাকা স্পর্শ করেছে। এখন ভারত কেবল যুদ্ধবিমানই তৈরি করছে না, নিউ এজ ওয়ারফেয়ার টেকনোলজিও প্রস্তুত করছে। ছবি: পিটিআই