নয়াদিল্লি: ফের বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের মঞ্চে ভারতকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন পাকিস্তানের উসমান যাদুন। তারই প্রত্যুত্তরে ইসলামাবাদকে তুলোধনা করলেন ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী। তিনি বলেন, ‘পাকিস্তান নিজেকে জঙ্গিবাদের শিকার বলে বিশ্বমঞ্চে প্রমাণ করতে চায়। কিন্তু বাস্তবটা হল, পড়শি দেশগুলিকে ক্ষতবিক্ষত করতে সন্ত্রাসবাদকে মদত দিয়েছিল পাকিস্তানই। আজ সেই সন্ত্রাসবাদীরা তাঁদের নিয়ন্ত্রণে নেই। যে দানবকে পাকিস্তান তৈরি করেছে, সেটাই এখন তাদের ধ্বংস করতে উদ্যত হয়েছে।’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, ‘পড়শি দেশের চেয়ে, পার্শ্ববর্তী প্রদেশগুলি পাঞ্জাবের জন্য বেশি ক্ষতিকর।’ ২০১৮ সালে সংবাদপত্র দ্য ডনকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই হামলার ষড়যন্ত্রে পাকিস্তানের ভূমিকা স্বীকার করে নিয়েছিলেন মরিয়মের পিতা তথা পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন রঘু বলেন, ‘সম্প্রতি সেদেশের এক মুখ্যমন্ত্রী পাকিস্তানে জঙ্গিবাদের বাড়বাড়ন্তের ছবিটা সবার সামনে নিয়ে এসেছেন। ২০১৮ সালেও পাকিস্তানের জঙ্গি যোগের বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন তাঁর বাবা।’