করাচি, ২৬ অক্টোবর: বালুচিস্তান নিয়ে মন্তব্য করায় বিপাকে সলমন খান। বলিউডের ভাইজানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল পাকিস্তান। পাশাপাশি সলমনকে নিষিদ্ধও ঘোষণা করেছে ইসলামাবাদ। কিন্তু কেন এই পদক্ষেপ? কিছুদিন আগেই সৌদি আরবের রিয়াধে একটি বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন সলমন খান। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খানও। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে সলমন বলেন, ‘হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই। এমনকি, তামিল, তেলুগু ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।’
বলিউডের ভাইজান জেনে বুঝেই বালুচিস্তানকে দেশ হিসেবে বলেছেন নাকি না জেনেই সেটা পরিষ্কার নয়। কারণ সলমন তারপরে এই বিষয়ে আর মুখ খোলেননি। তাই বালুচিস্তানকে দেশ হিসেবে সম্বোধন করায় সলমনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার তাদের ১৯৯৭-এর জঙ্গিদমন আইনের চতুর্থ অধ্যাদেশে সলমনকে অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় সল্লুর অবস্থান মানে, সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্র রয়েছে তাঁর। এমনটাই দাবি পাক সরকারের। সূত্রের খবর, ওই তালিকায় সলমনের নাম ওঠায় বিপাকে পড়লেন অভিনেতা। তাঁর গতিবিধির উপর নজরদারি চালাবে ইসলামাবাদ। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারে অভিনেতার বিরুদ্ধে। বালুচিস্তানকে কেন্দ্র করেই বালোচদের সঙ্গে বিরোধ রয়েছে পাকিস্তানের। সলমন সেই আগুনে ঘি ঢেলে দেওয়ায় বেজায় চটেছে পাক সরকার।