


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা দুর্গার বোধনের দিনেই পাকিস্তানের বিসর্জন। উল্লাসে ফেটে পড়ছে আসমুদ্রহিমাচল। দুর্গাপুজো থেকে নবরাত্রি— উৎসব আরও রঙিন। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। পাশাপাশি গৌতম গম্ভীরের দল বুঝিয়ে দিল, মহাদেশে তারাই সেরা। বাকিরা এলেবেলে। ফাইনালের নায়ক কুলদীপ যাদব এবং অবশ্যই তিলক ভার্মা (৬৯ নট আউট)। দু’জনের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রথমজন স্পিনের জাদুতে রুখে দেন বিপক্ষের জারিজুরি। আর ভার্মার জন্যই জয়ের তিলক পরে ভারত। তাঁকে যোগ্য সঙ্গত করেন শিবম দুবে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন সূর্যকুমার। চোটের কারণে হার্দিক পান্ডিয়া না থাকায় দলের ভারসাম্য কিছুটা হলেও নষ্ট হয়। রবিবার শুরুটা ভালো করার পর পাক সমর্থকরা কলার তোলার চেষ্টায় ছিলেন। সাহিবজাদা-ফখর জামানদের দেখে মনে হচ্ছিল, জোরদার হোম-ওয়ার্ক করেই মাঠে নেমেছেন। দশম ওভারে প্রথম আঘাত হানেন বরুণ চক্রবর্তী। পাকিস্তানের রান তখন ৮৪। কমেন্ট্রি বক্সে বসে ওয়াসিম আক্রাম বলেই ফেললেন, ‘দুশোর আশা বাড়ছে’। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে হারিয়ে গেল মাইক হেসন-ব্রিগেড। ১৩তম ওভার থেকে শুরু আয়ারাম-গয়ারাম চিত্র। পরপর পাঁচ ওভারে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তান। এর মধ্যে সপ্তদশ ওভারে কুলদীপ যাদবের শিকার তিন (সলমন আগা, শাহিন আফ্রিদি, ফাহিম আশরফ)। স্পিনের ভেল্কিতে কুপোকাত ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী। ১৯.১ ওভারে তারা থামল ১৪৬ রানে। কুলদীপকে (৪/৩০) যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ। পাকিস্তানের হয়ে দুই অঙ্কের রান পেয়েছেন সাহিবজাদা (৫৭), ফখর (৪৬) ও সায়িম (১৪)। বাকিরা সব সিঙ্গল ডিজিট।
ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। দ্রুত ডাগ-আউটে ফেরেন অভিষেক শর্মা (৫) ও সূর্যকুমার যাদব (১)। গোটা প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা অভিষেক এদিন ব্যর্থ হওয়ায় চাপ বাড়ে ভারতীয় শিবিরে। আশা ছিল, অভাব মিটিয়ে দিতে পারবেন গিল। কিন্তু তিনিও ডাহা ফেল। গিল ও তিলক ভার্মা চাপ কাটানোর চেষ্টায় ছিলেন। কিন্তু চতুর্থ ওভারে অহেতুক মারতে গিয়ে মূল্যবান উইকেট ছুড়ে দেন শুভমান। তবে এরপর তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন ধাক্কা সামলে স্কোরবোর্ড সচল রাখেন। ২৪ রানে ভারতীয় উইকেটরক্ষক আউট হওয়ার পর তিলককে যোগ্য সঙ্গত করেন শিবম দুবে। পরিকল্পিত ক্রিকেট খেলে কাঙ্ক্ষিত জয়ের পথ গড়ে দেন তাঁরা। বিপক্ষের কোনও বোলারকেই রেয়াত করেননি ভার্মাজি। তাঁর ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কা। দুবের আউটের পর শেষ ওভারের চতুর্থ বলে রউফকে বাউন্ডারি মেরে ম্যাচে ইতি টানেন রিঙ্কু সিং। আর হারের হ্যাটট্রিকের আঁধারে ডুবল পাকিস্তান।
পাকিস্তান: ১৪৬ (১৯.১ ওভার) ভারত: ১৫০/৫ (১৯.৪ ওভার)
ভারত ৫ উইকেটে জয়ী