Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে আলোচনা চাই, পুতিনের কাছে সাহায্যের আর্জি পাক প্রধানমন্ত্রীর

ভারতের সঙ্গে ফের আলোচনায় বসতে চাইল পাকিস্তান। এজন্য রাশিয়ার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পড়শি দেশ। বুধবার রাশিয়ার এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারতের সঙ্গে আলোচনা চাই, পুতিনের কাছে সাহায্যের আর্জি পাক প্রধানমন্ত্রীর
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

ইসলামাবাদ: ভারতের সঙ্গে ফের আলোচনায় বসতে চাইল পাকিস্তান। এজন্য রাশিয়ার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পড়শি দেশ। বুধবার রাশিয়ার এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের মাধ্যমে পুতিনকে সেই চিঠি পাঠানোর কথা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারিক ফতেমি।

Advertisement

ফতেমি বলেন, ‘সম্প্রতি রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আমাদের প্রধানমন্ত্রীর তরফে প্রেসিডেন্ট পুতিনকে লেখা একটি চিঠি তাঁর হাতে তুলে দিয়েছি। আমাদের আবেদন, ভারত ও পাকিস্তান যেন আলোচনায় বসতে পারে এবং একাধিক কূটনৈতিক বিষয় নিয়ে যথাযথভাবে আলোচনা করতে পারে। বর্তমানের সমস্যাগুলির যেন একটা সুষ্ঠু সমাধান পাওয়া যায়।’  ফতেমির কথায়, যে কোনও মুহূর্তে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন আতঙ্কের আবহে দীর্ঘদিন ধরে কোনওভাবেই থাকতে পারে না দুই প্রতিবেশী দেশ। ইতিমধ্যে আমরা আমেরিকা, ইউরোপ ও রাশিয়ায় প্রতিনিধি দল পাঠিয়েছি। এক্ষেত্রে যদি কোনও নিরপেক্ষ দেশ বা রাষ্ট্রসঙ্ঘ ভারত-পাকিস্তানের সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে চায়, আমরা তাদের স্বাগত জানাই। আমরা আলোচনায় বসতে রাজি।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও একইভাবে মধ্যস্থতা করার আবেদন জানিয়েছে পাকিস্তান। বুধবার ইসলামাবাদের মার্কিন দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই ভারত-পাক সংঘর্ষবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পকে যাবতীয় কৃতিত্ব দেন তিনি। ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য আমেরিকার মধ্যস্থতাও চেয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ