নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তরুণী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল রং মিস্ত্রির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন্নগরে। কানাইপুর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রং মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে। তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রতাপ সাঁতরা। সে কোন্নগরের কানাইপুরের বাসিন্দা। মধ্যবয়সি প্রতাপ, বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই তরুণীকে কাজে নিযুক্ত করেছিল। কানাইপুরের বড়বহেরা, ফরালপুকুরের একটি বাড়ি রং করার কাজ চলছিল। আরও দু’জন মিস্ত্রিকেও নিয়োগ করা হয়েছিল।
তরুণীর অভিযোগ, বৃহস্পতিবার তাঁরা চারজন ফরালপুকুরের ওই বাড়িতে কাজ করছিলেন। পরে দু’জন চলে যান। তখন তিনি ও প্রতাপ কাজ করছিলেন। তাঁর দাবি, সেই সুযোগেই প্রতাপ তাঁকে ধর্ষণ করে। তারপরে ভয় ও টাকার লোভ দেখিয়ে মুখ বন্ধ রাখার কথা বলে। তরুণী জানিয়েছেন, গত ১৮ আগস্ট তাঁর পেটে একটি অপারেশন হয়েছিল। ধর্ষণের জেরে তাঁর প্রবল পেটে ব্যথা শুরু হয়। কিছুটা সুস্থ হওয়ার পরে তিনি স্বামীক ফোন করে সবটা জানান। তারপরে তাঁর স্বামী কানাইপুরে এসে পৌঁছলে দু’জনে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তরুণী বলেন, ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কানাইপুর ফাঁড়ির পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে।